Friday, November 20, 2026 | Ashburn |
| Ashburn
the VOICE News
DIPLOMACY, POLITICS, AND POLICY — UP CLOSE
সর্বশেষ

ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

- ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

ব্রিটেনের লেবার পার্টির সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছেন। বাংলাদেশের দুর্নীতির মামলায় তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে দাবি করে এ বিচারপ্রক্রিয়াকে ‘বিদ্বেষমূলক মামলা’ (Malicious Prosecution) বলে অভিহিত করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ‘পলিটিকস আনলিশড’ পডকাস্টে টিউলিপ জানান, ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়া মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে কি না, তা নিয়ে তিনি আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন।

Hasina’s Lawyers Apply for Passport Restoration with Her Signed Authorisation

টিউলিপের দাবি, একজন অভিজ্ঞ আইনজীবী তাঁকে জানিয়েছেন, ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ভিত্তি থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি।

শেখ হাসিনার ভাগনি টিউলিপের বিরুদ্ধে অভিযোগ ছিল, খালার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ঢাকার পূর্বাচলে পরিবারের সদস্যদের জন্য সরকারি জমির প্লট বরাদ্দে তিনি ভূমিকা রেখেছিলেন। এ ঘটনায় ২০২৫ সালের ডিসেম্বরে বাংলাদেশের একটি আদালত তাঁকে অনুপস্থিতিতে দুই বছরের কারাদণ্ড দেন। মামলায় আরও ১৬ জনকে দণ্ডিত করা হয়।

তবে শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন টিউলিপ।

তাঁর অভিযোগ, কী কারণে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তা জানতে একাধিকবার বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করেও কোনো সন্তোষজনক জবাব পাননি। তাঁর আইনজীবীদের পাঠানো চিঠিরও উত্তর দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

এমনকি লন্ডনের ডরচেস্টার হোটেলে অবস্থানকালে মুহাম্মদ ইউনূসকে হাতে লেখা চিঠি পাঠিয়ে সরাসরি সাক্ষাতের অনুরোধ জানিয়েছিলেন বলেও জানান টিউলিপ। তবে ইউনূস সেই অনুরোধে সাড়া দেননি বলে অভিযোগ তাঁর।

পুরো বিচারপ্রক্রিয়াকে ‘কাফকায়েস্ক নাইটমেয়ার’ বা দুঃস্বপ্নের মতো অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন টিউলিপ। তাঁর ভাষ্য, সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের সংবাদ সতর্কতা দেখেই প্রথম জানতে পারেন যে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার চেয়ে বেশি বিস্মিত হয়েছিলেন বলে জানান তিনি।

এদিকে, টিউলিপের অভিযোগের বিষয়ে মুহাম্মদ ইউনূসের কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল টিউলিপকে

বাংলাদেশে দুর্নীতির অভিযোগের জেরে যুক্তরাজ্যের রাজনীতিতেও চাপের মুখে পড়েছিলেন টিউলিপ সিদ্দিক। তৎকালীন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মন্ত্রিসভায় দুর্নীতিবিরোধী দায়িত্বে থাকা টিউলিপ ২০২৫ সালের জানুয়ারিতে পদত্যাগ করেন।

পডকাস্টে তিনি জানান, নানা অভিযোগ ও চাপের মধ্যেও স্টারমার তাঁকে সমর্থন করেছিলেন। তবে তাঁকে ঘিরে বারবার বিতর্ক তৈরি হওয়ায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংকটের কারণ হতে চাননি তিনি। স্টারমারের পদত্যাগের ঘটনাকে ব্যক্তিগতভাবে বেদনাদায়ক বলেও উল্লেখ করেন টিউলিপ।

তবে লেবার পার্টির সরকারকে সফল করাই তাঁর রাজনৈতিক অগ্রাধিকার বলে জানান তিনি। একই সঙ্গে স্টারমারের সম্ভাব্য উত্তরসূরি অ্যান্ডি বার্নহ্যামের প্রশংসা করেন সাবেক এই ব্রিটিশ মন্ত্রী।

মন্তব্য

Scroll to Top