Sunday, November 15, 2026 | Columbus |
| Columbus
the VOICE News
DIPLOMACY, POLITICS, AND POLICY — UP CLOSE
সর্বশেষ

শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে ভারত ও ঢাকার অবস্থান নিয়ে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য

- ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

ওয়াশিংটন – দস্তগীর জাহাঙ্গীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা, এ বিষয়ে ভারতের কূটনৈতিক অবস্থান এবং বর্তমান ও গত অন্তর্বর্তী সরকারের ভূমিকার সমালোচনা করে নিজের মতামত তুলে ধরেছেন তাঁর পুত্র ও সাবেক তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ৪৭ লাখ (৪.৭ মিলিয়ন) অনুসারী-সংবলিত নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত “রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রত্যাবর্তন: ভারতের নীতিনিষ্ঠ অবস্থান, ঢাকার দ্বিচারিতা” শীর্ষক এক নিবন্ধে তিনি এসব বিষয় উল্লেখ করেন।

দেশে ফেরার প্রস্তুতি ও দিল্লির অবস্থান সজীব ওয়াজেদ জয় তাঁর ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দীর্ঘ সোয়া দুই বছর ধরে শেখ হাসিনাকে দেশের বাইরে অবস্থান করতে হচ্ছে। তবে তিনি দেশে ফেরার সিদ্ধান্তে অটল রয়েছেন এবং দিল্লিতে বাংলাদেশ মিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করার বিষয়টি তাঁর দেশে ফেরার প্রস্তুতিরই প্রমাণ বলে জয় দাবি করেন। তাঁর মতে, এটি শেখ হাসিনার নিজস্ব সিদ্ধান্ত এবং ১৯৮১ সালের মতোই তিনি নিজের ইচ্ছায় দেশে ফিরতে চান।

বিবিসি বাংলার প্রতিবেদন ও ভারতের দুই প্রত্যাশা নিবন্ধে ১২ নভেম্বর প্রকাশিত বিবিসি বাংলার দিল্লি প্রতিনিধি শুভজ্যোতি ঘোষের একটি প্রতিবেদনের সূত্র টেনে সজীব ওয়াজেদ জয় উল্লেখ করেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন ও আইনি লড়াই মোকাবিলার বিষয়ে দিল্লির নীতিনির্ধারকদের সঙ্গে তাঁর অবস্থানের মিল রয়েছে। বিবিসির প্রতিবেদনের বরাত দিয়ে জয় জানান, শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে ভারতের দুটি প্রধান প্রত্যাশা রয়েছে: ১. নিরাপদ প্রত্যাবর্তন: যেহেতু শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক বিমানে ভারতে গিয়েছিলেন, তাই আকাশপথে সামরিক বিমান পাঠিয়ে বা স্থলসীমান্তের কোনো পয়েন্টে তাঁকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকেই নিতে হবে বলে ভারত মনে করে। ২. ন্যায়বিচারের নিশ্চয়তা: মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং জুলাইয়ের ঘটনায় দায়েরকৃত অভিযোগগুলোর বিচার আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের নজরদারিতে নতুন করে শুরু করার নিশ্চয়তা দিতে হবে।

জয় তাঁর লেখায় বাংলাদেশের সংবিধানের ৩৬ অনুচ্ছেদ এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তির (ICCPR) ১২(৪) ও ১৪ অনুচ্ছেদের উল্লেখ করে বলেন, নিজ দেশে প্রবেশ এবং ন্যায্য বিচারের অধিকার বাংলাদেশের সংবিধান ও আন্তর্জাতিক চুক্তিতেই স্বীকৃত।

ঐতিহাসিক সম্পর্ক ও আঞ্চলিক প্রেক্ষাপট ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫-পরবর্তী সময়, ১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তি, ২০১৪ সালের সমুদ্রসীমা নির্ধারণ এবং ২০১৫ সালের স্থল সীমান্ত চুক্তির প্রসঙ্গ টেনে সজীব ওয়াজেদ জয় দাবি করেন, ভারতের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক কোনো একক সরকারের নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা ও সার্বভৌমত্বের ভিত্তিতে গড়ে ওঠা ঐতিহাসিক সম্পর্ক। এ ছাড়া বাংলাদেশের অসাম্প্রদায়িক রাজনীতি, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থেই ভারত নীতিগত অবস্থান বজায় রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

সরকারের ভূমিকার সমালোচনাঃ বর্তমান  সরকারের অবস্থানের সমালোচনা করে সজীব ওয়াজেদ জয় তাঁর ভেরিফায়েড পেজের ওই লেখায় উল্লেখ করেন, সরকার প্রকাশ্যে প্রত্যর্পণের দাবি ও কূটনৈতিক নোট পাঠালেও ভেতরে ভেতরে শেখ হাসিনার দেশে ফেরার পথ খুলতে আগ্রহী নয়। বিবিসি বাংলার প্রতিবেদনে দিল্লির কর্মকর্তাদের বরাতে উল্লেখিত ধারণার কথা তুলে ধরে জয় দাবি করেন, জ্বালানি সংকট ও গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরলে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে—এমন আশঙ্কা থেকেই সরকার তাঁর প্রত্যাবর্তন বিলম্বিত করতে চাইছে।

লেখার শেষে সজীব ওয়াজেদ জয় উল্লেখ করেন, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন এবং ন্যায়বিচারের নিশ্চয়তা দেওয়ার বিষয়টি এখন সম্পূর্ণভাবে ঢাকার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

https://www.facebook.com/share/p/14vC9Xv5zzq/

Sajeeb Wazed Joy
Sajeeb Wazed Joy
Sajeeb Wazed Joy P2
Sajeeb Wazed Joy P2
Sajeeb Wazed Joy-3
Sajeeb Wazed Joy-3
Sajeeb Wazed Joy-4
Sajeeb Wazed Joy-4
Sajeeb W Joy-5
Sajeeb W Joy-5
Sajeeb Wazed Joy-6
Sajeeb Wazed Joy-6
Sheikh Hasina
Sheikh Hasina

মন্তব্য

Scroll to Top