শরীয়তপুর : শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে মধ্যরাতে কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা—এমন অভিযোগ উঠেছে। এ সময় অন্তত ২৫টি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিপুলসংখ্যক মানুষ বৈঠা হাতে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করছেন। ভিডিওতে কয়েক হাজার মানুষের উপস্থিতি দেখা গেছে। প্রায় এক ঘণ্টা টোলপ্লাজার কার্যক্রম বন্ধ থাকায় সেতুর উভয় পাশে যানবাহন আটকে পড়ে।
এ সময় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেলেও কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। একই সময়ে কয়েকটি গাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে আন্দোলনকারীদের ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শোনা যায়। এ ছাড়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামেও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে সরাসরি সম্প্রচার করা ভিডিওগুলো দ্রুত ছড়িয়ে পড়ে। এতে টোলপ্লাজা এলাকায় বিপুলসংখ্যক মানুষের অবস্থান এবং যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার চিত্র দেখা যায়।
এদিকে, অবরোধকারীরা বিভিন্ন দিক থেকে জড়ো হতে থাকলে পদ্মা সেতু দক্ষিণ থানার প্রধান ফটক বন্ধ করে পুলিশ সদস্যরা ভেতরে অবস্থান নেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে অবরোধ, বিস্ফোরণ ও ভাঙচুরের বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মন্তব্য