রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের মুন্সীগঞ্জের শ্রীনগর শাখায় ৩১৫ জন গ্রাহকের প্রায় ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ব্যাংকে নিয়ম মেনে অর্থ জমা দেওয়ার পরও অনেক গ্রাহক তাঁদের হিসাবের কোনো সন্ধান পাচ্ছেন না। কারও কাছে জমার রসিদ, কারও কাছে স্থায়ী আমানতের (এফডিআর) কাগজপত্র, আবার কারও কাছে মোবাইল ফোনে আসা লেনদেনের বার্তা রয়েছে। এসব প্রমাণ থাকার পরও আমানতের অর্থ ফেরত পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন তাঁরা।
Sheikh Hasina Seeks New Passport, NID from Bangladesh High Commission in New Delhi
আমানত ফেরত এবং আর্থিক জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে গত রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা। দুপুর ২টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে ভুক্তভোগী গ্রাহক ঐক্য পরিষদের আহ্বায়ক জাফরিন আলম ওরফে রাখী সাত দফা দাবি তুলে ধরেন। একই সঙ্গে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত আবেদনও জমা দিয়েছেন গ্রাহকেরা।
আবেদনে বলা হয়েছে, শ্রীনগর শাখার আর্থিক অনিয়ম ও জালিয়াতির কারণে বহু গ্রাহকের সারা জীবনের সঞ্চয়, অবসরকালীন অর্থ এবং ব্যবসার মূলধন ঝুঁকির মুখে পড়েছে। আমানতের টাকা ফেরত না পাওয়ায় গ্রাহক ও তাঁদের পরিবারগুলো গুরুতর আর্থিক সংকটে পড়েছেন।
গ্রাহকদের বক্তব্য, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হিসেবে অগ্রণী ব্যাংকের ওপর আস্থা রেখেই তাঁরা নিজেদের কষ্টার্জিত অর্থ সেখানে জমা রেখেছিলেন। শাখার কর্মকর্তা-কর্মচারীদের কোনো অনিয়ম বা জালিয়াতির দায় সাধারণ আমানতকারীদের ওপর চাপানো উচিত নয়।
জাফরিন আলম জানান, তিনি দুই দফায় মোট ১৫ লাখ টাকা জমা দিয়েছিলেন। প্রথমবার ১০ লাখ টাকা জমা দেওয়ার পর তাঁর মোবাইল ফোনে জমার নিশ্চিতকরণ বার্তা আসে। পরে আরও ৫ লাখ টাকা জমা দিলেও কোনো বার্তা পাননি। বিষয়টি জানতে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলে তাঁকে সফটওয়্যারের সমস্যার কথা জানানো হয়।
জাফরিন আলম বলেন, তাঁর মতো আরও অনেক গ্রাহক একই সমস্যায় পড়েছেন। তাঁরা নিজেদের জমা করা অর্থ ফেরত চান এবং জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করছেন।
আরেক গ্রাহক ফারহানা আলম জানান, তিনি দুই দফায় মোট তিন লাখ টাকার এফডিআর করেছিলেন। এ-সংক্রান্ত জমার রসিদও তাঁর কাছে রয়েছে। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরও কিংবা টাকা ফেরত চাইতে গিয়েও তিনি আমানতের অর্থ পাননি বলে অভিযোগ করেন।
ফারহানা আলমের অভিযোগ, অগ্রণী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পারসোমা আলমের সঙ্গে যোগাযোগ করেও তিনি কোনো সমাধান পাননি। তাঁর দাবি, শাখার কর্মকর্তাদের দায় আড়াল করতে ব্যাংকের শীর্ষ পর্যায়ের কেউ কেউ ঘটনাটিকে ব্যক্তিগত লেনদেন হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন। অথচ গ্রাহকেরা ব্যাংকের নিয়ম মেনেই অর্থ জমা দিয়েছেন।
মানববন্ধনে ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা সাত দফা দাবি জানান। এর মধ্যে রয়েছে—শ্রীনগর শাখার অনিয়ম ও জালিয়াতির ঘটনা তদন্তে উচ্চপর্যায়ের নিরপেক্ষ কমিটি গঠন, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করা।
এ ছাড়া ক্ষতিগ্রস্ত গ্রাহকদের আমানত ও আর্থিক ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা তৈরি, স্বচ্ছ প্রক্রিয়ায় জমা দেওয়া অর্থ যাচাই এবং বৈধ ও প্রমাণিত আমানত দ্রুত ফেরত দেওয়ার কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। অর্থ আত্মসাৎ ও জালিয়াতিতে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন ও ব্যাংকিং বিধি অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও আহ্বান জানান।
এ বিষয়ে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, ঘটনাটি প্রায় দুই মাস আগের। দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শেষে এ ঘটনায় মামলা করেছে এবং ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, প্রত্যেক গ্রাহক তাঁদের টাকা ফেরত পাবেন। তবে তার আগে কে কত টাকা জমা দিয়েছেন, তা যাচাই করা প্রয়োজন। বর্তমানে সেই যাচাই-বাছাইয়ের কাজ চলছে।
তবে গ্রাহকদের আমানত ফেরতের বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানাননি ব্যাংক চেয়ারম্যান। ফলে নিজেদের সারা জীবনের সঞ্চয় ফিরে পাওয়ার অপেক্ষায় থাকা ৩১৫ গ্রাহকের অনিশ্চয়তা ও উদ্বেগ এখনো কাটেনি।

মন্তব্য