সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করার পর আওয়ামী লীগের শত শত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। লাখ লাখ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন কিংবা দেশ ও বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। অনেক নেতাকর্মী বিনা বিচারে ও চিকিৎসার অভাবে কারাগারে মারা গেছেন।
ড. মোমেন বলেন, এসব হত্যাকাণ্ড এবং অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে দেশে-বিদেশে জনমত গঠনে সচেষ্ট হওয়া প্রবাসে অবস্থানরত দেশপ্রেমিক বাঙালিদের নৈতিক দায়িত্ব।
বাংলাদেশের চলমান পরিস্থিতি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের বিষয়টি মার্কিন আইনপ্রণেতা ও জনপ্রতিনিধিদের সামনে তুলে ধরার জন্য তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাদের প্রতি আহ্বান জানান।
গত ৮ নভেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ (পূর্বাঞ্চল) আয়োজিত জেলহত্যা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি ইতোমধ্যে অনেক মার্কিন সিনেটর ও কংগ্রেস সদস্যকে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অবহিত করে চিঠি পাঠিয়েছেন।
তিনি বলেন, ‘আমি মনে করি, এখানে যাঁরা আওয়ামী লীগের নেতৃত্বে আছেন, তাঁরাও চিঠি লিখে মার্কিন আইনপ্রণেতা ও জনপ্রতিনিধিদের সামনে এই বিষয়টি তুলে ধরতে পারেন।’
ড. মোমেন ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে নিহত জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বলেন আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই ১৫ আগস্টের ধারাবাহিকতায় জেল হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছিল।
সাবেক এই পররাষ্ট্র মন্ত্রী তাঁর বক্তব্যে দেশের তখনকার নৈরাজ্যকর সময়কার একজন প্রত্যক্ষদর্শী হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্বাঞ্চল আওয়ামী লীগের আহবায়ক ড. প্রদীপ রঞ্জন কর এবং সঞ্চালনা করেন যুগ্ম আহবায়ক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী।
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রাক্তন সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা ড. মহসিন আলী, প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট মো ফজলুর রহমান, দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সাবেক প্রেস মিনিস্টার দিল্লী ও সাংবাদিক নেতা শাবান মাহমুদ, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার ও সিনিয়র সাংবাদিক সাজ্জাদ হোসেন সবুজ বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন। এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের আরেক যুগ্ম আহবায়ক আব্দুল হাসিব মামুন।
ফরিদা ইয়াসমিন তাঁর বক্তব্যে বলেন, জেল হত্যাকাণ্ডের মতো ৫ আগস্টের পর বর্তমানে বাংলাদেশে কারাগারের ভেতরে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে। তিনি জানান গত দুই বছরে আড়াই শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী বিনা চিকিৎসায় এবং কর্তৃপক্ষের অবহেলায় জেলখানায় মারা গেছেন।
অন্যান্য বক্তারা জেল হত্যাকাণ্ডকে বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে উল্লেখ করেন এবং বলেন বেইমান খন্দকার মোশতাক এবং জেনারেল জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন।
তাঁরা আরও বলেন ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ও পরবর্তীতে জাতীয় চার নেতাকে হত্যার ধারাবাহিকতায় বর্তমানে জেলের ভিতরে ও বাইরে প্রতিদিনই আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় চার নেতাসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত এবং তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
মূল আলোচনা পর্বে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর, মকবুল তালুকদার, ফারুক হুসাইন, হিরু ভূঁইয়া, ইসমাইল খান আনসারি, অধ্যাপক হুসনে আরা, মিসেস মহসিন আলী, সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, আব্দুল রহিম বাদশাহ, অ্যাড. শাহ মো বখতিয়ার আলী, এম এ করিম জাহাঙ্গীর, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, আলী হোসেন গজনবী, আতাউল গনি আসাদ, শেখ আতিক,হেলিম উদ্দিন, নুরুদ্দিন চৌধুরী, রুমানা আক্তার, নাজনীন সুলতানা, রিনা আবেদীন, সালেহা বেগম, জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর চৌধুরী, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক হৃদয় মিয়া, ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ জয় ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া, মূলধারার রিপাবলিকান নেতা ফুয়াদ হাসান, শেখ হাসিনা মঞ্চের সভাপতি জালাল উদ্দিন জলিল ও সহসভাপতি টি মোল্লা, যুবনেতা ও মূলধারার রাজনীতিক জামাল হোসেন, যুবনেতা ইফজাল চৌধুরী, শ্রমিক লিগ নেতা সোহাগ, যুবলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন, যুবনেতা রাইমুল ইসলাম রাহিম, মিসেস জলিল, ফাতিন শাহ প্রমুখ।

মন্তব্য