রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | Boydton |
| Boydton
দ্য ভয়েস নিউজ
কূটনীতি, রাজনীতি ও নীতি — কাছ থেকে
সর্বশেষ

দুই ইআইএন, দুই ঠিকানা: আনসারীর প্রতিষ্ঠিত সংস্থার এনইডি অনুদানে আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

- ০৮ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

বাংলাদেশি সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর প্রতিষ্ঠিত ওয়াশিংটনভিত্তিক সংস্থা রাইট টু ফ্রিডম (আরটুএফ) নিজেদের কাজের কেন্দ্র হিসেবে বাংলাদেশকে তুলে ধরেছে। নির্বাচন, রাজনৈতিক দমন-পীড়ন, মানবাধিকার ও গণতান্ত্রিক জবাবদিহি নিয়ে সংস্থাটি বিভিন্ন বিবৃতি, আলোচনা ও প্রচার কার্যক্রম চালিয়েছে।

সংস্থাটির নেতৃত্বে ছিলেন দুই সাবেক মার্কিন কূটনীতিক—উইলিয়াম বি. মাইলাম ও জন এফ. ড্যানিলোভিচ। মাইলাম মৃত্যুর আগ পর্যন্ত বোর্ডে ছিলেন। ড্যানিলোভিচ পরে অন্তর্বর্তী নির্বাহী পরিচালক হন। আরটুএফের নিজস্ব বক্তব্য অনুযায়ী, ২০২৩ সালের শুরু থেকে তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ এবং দেশটির সংকটে আন্তর্জাতিক প্রতিক্রিয়া প্রভাবিত করার চেষ্টা করেছে।

এনইডির বিদেশি গণতন্ত্র-সহায়তা অনুদান নিয়ে বহুদিন ধরেই বিতর্ক রয়েছে। এসব অনুদান কোনো দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় প্রভাব বিস্তার বা সরকার পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠতে পারে—এমন অভিযোগ বিভিন্ন সময়ে উঠেছে।

দুই কর-পরিচয়, ঠিকানার অমিল: আনসারী প্রতিষ্ঠিত সংস্থায় এনইডি’র অনুদানে স্বচ্ছতা কোথায়?

বাংলাদেশ নিয়েও ২০২৫ সালে অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এনইডি, ইউএসএআইডি ও তাদের অনুদানপ্রাপ্ত সংস্থাগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এনইডি অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এই বিতর্কের প্রেক্ষাপটে বাংলাদেশকেন্দ্রিক কাজের জন্য ঠিক কোন আইনি সত্তাকে এনইডি অর্থ দিয়েছে এবং সেই অর্থ কীভাবে খরচ হয়েছে—তা স্পষ্ট হওয়া জরুরি। কিন্তু এনইডির অনুদান-তথ্য ও আরটুএফের প্রকাশ্য কর-নথিতে এমন কিছু অমিল দেখা যাচ্ছে, যার ব্যাখ্যা এখনো মেলেনি। নথির এই অস্পষ্টতা অনুদান প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সরাসরি প্রশ্ন তোলে।

একই নাম, আলাদা কর-পরিচয়

এনইডির ২০২৩ অর্থবছরের অনুদান-তালিকায় ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডের ঠিকানায় “রাইট টু ফ্রিডম ইনকরপোরেটেড” নামে ৬৭ হাজার ৮৬৭ ডলারের অনুদান দেখানো হয়েছে। সেখানে সংস্থাটির যুক্তরাষ্ট্রের কর-পরিচয় নম্বর বা ইআইএন হিসেবে রয়েছে ৮৩-৯৫৩২৬৯০।

পরের অর্থবছরের তালিকায় একই নামের সংস্থার জন্য ৩৮ হাজার ১৩২ ডলারের অনুদান রয়েছে। তবে এবার ঠিকানা ওয়াশিংটন ডিসির, আর ইআইএন ৮৩-০৯৫৩২৬৯—যে নম্বরটি জনসমক্ষে থাকা অলাভজনক প্রতিষ্ঠানের নথিতে আরটুএফের সঙ্গে মেলে। এনইডি ২০২৪ অর্থবছরের অনুদানের উদ্দেশ্য হিসেবে উল্লেখ করেছে “শিক্ষা, যোগাযোগ ও সংস্কৃতি”।

একই নামে তালিকাভুক্ত প্রাপকের জন্য দুই ভিন্ন ইআইএন ও দুই ঠিকানা ব্যবহারের কারণ এনইডির প্রকাশ্য নথিতে ব্যাখ্যা করা হয়নি। কোন নথি যাচাই করে অনুদানপ্রাপককে শনাক্ত করা হয়েছিল, সেটিও পরিষ্কার নয়। এটি নিছক নথি রাখার ভুল, নাকি একই নামের আড়ালে আলাদা কোনো আইনি সত্তা—প্রকাশ্য তথ্য থেকে তা বোঝা যায় না। এনইডি ও আরটুএফের ব্যাখ্যা ছাড়া এই অনুদানের প্রকৃত প্রাপক এবং যাচাইপ্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা থেকেই যায়।

দুটি অনুদানের অঙ্ক যোগ করলে দাঁড়ায় ১ লাখ ৫ হাজার ৯৯৯ ডলার। আরটুএফের ২০২৩ সালের কর-রিটার্নে অনুদান হিসেবে দেখানো হয়েছে ১ লাখ ৬ হাজার ডলার—মাত্র এক ডলারের ব্যবধান।

৩১ অক্টোবর ২০২৬ তারিখে অয়্যারিস্ট, আরটুএফ এবং এনইডির প্রেস সেক্রেটারি ক্যারোলিন স্টুয়ার্টকে আলাদা ইমেইল পাঠিয়ে দুই ইআইএন ও ঠিকানার অমিল, অনুদানের অঙ্ক এবং ব্যয়ের হিসাব সম্পর্কে জানতে চায়। ৮ নভেম্বর পর্যন্ত কোনো পক্ষই অয়্যারিস্ট-এর প্রশ্নের জবাব দেয়নি।

কর্মসূচিতে মাত্র ৬ শতাংশ, প্রশাসনে ৬৮ হাজার ডলার

আরটুএফের ২০২৩ সালের কর-রিটার্নে ১ লাখ ৬ হাজার ডলার অনুদান, ৭৯ হাজার ৯২৩ ডলার মোট ব্যয় এবং বছর শেষে ২৬ হাজার ৭৭ ডলার নিট সম্পদের কথা বলা হয়েছে। এর মধ্যে কর্মসূচি বা প্রোগ্রাম সার্ভিসে ব্যয় দেখানো হয়েছে মাত্র ৬ হাজার ৭৭৭ ডলার—মোট অনুদানের প্রায় ৬ দশমিক ৪ শতাংশ।

অন্যদিকে, ব্যবস্থাপনা ও প্রশাসনিক খাতে ব্যয় দেখানো হয়েছে ৬৮ হাজার ৪৬৪ ডলার। এটি মোট ব্যয়ের প্রায় ৮৬ শতাংশ। অর্থাৎ বাংলাদেশকেন্দ্রিক কাজের কথা বলা একটি সংস্থার হিসাবে অনুদানের খুব সামান্য অংশ কর্মসূচিতে গেছে, আর বড় অংশ দেখানো হয়েছে প্রশাসনিক ব্যয় হিসেবে।

এখানে মৌলিক প্রশ্নটি হলো: কর্মসূচিতে ব্যয় হওয়া ৬ হাজারজ ৭৭৭ ডলার দিয়ে ঠিক কী কাজ হয়েছে? কোন প্রকল্পে কত অর্থ গেছে, বাংলাদেশে কী কার্যক্রম পরিচালিত হয়েছে, কী ফল পাওয়া গেছে—তার বিবরণ নেই। একইভাবে, প্রশাসনিক খাতে এত বড় অঙ্ক কেন ব্যয় হয়েছে, তারও কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।

২০২৩ সালের রিটার্নে ১ লাখ ৬ হাজার ডলারের পুরো অনুদানকে “সংশ্লিষ্ট সংস্থা” থেকে আসা অর্থ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। অথচ নির্দিষ্ট কিছু কর-ছাড়প্রাপ্ত বা করযোগ্য প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক বিষয়ে প্রশ্নে উত্তর দেওয়া হয়েছে “না”।

প্রকাশ্যে তালিকাভুক্ত নথির মধ্যে শিডিউল আর নেই, যা এ ধরনের সম্পর্কের তথ্য জানাতে সহায়ক হতে পারে। রিটার্নে অনুদানের উৎস এমনভাবে শনাক্ত করা হয়নি, যাতে এই অমিলের ব্যাখ্যা মেলে।

বেতন-সংক্রান্ত হিসাবেও প্রশ্ন রয়েছে। রিটার্নে বর্তমান কর্মকর্তা বা পরিচালকদের পারিশ্রমিক হিসেবে ৩৫ হাজার ৫০০ ডলার দেখানো হলেও পরিচালক হিসেবে নাম রয়েছে একজনের—এম. মুশফিকুল ফজলের, যিনি আনসারী নামে পরিচিত। তাঁর পারিশ্রমিক দেখানো হয়েছে শূন্য। কোনো কর্মী নেই বলা হলেও “অন্যান্য বেতন ও মজুরি” খাতে ১৩ হাজার ৯৬০ ডলার ব্যয়ের উল্লেখ আছে। কারা এই অর্থ পেয়েছেন বা কর্মকর্তা-পরিচালকদের পারিশ্রমিকের হিসাবের সঙ্গে এর সম্পর্ক কী—নথিতে তা বলা হয়নি।

২০২০ থেকে ২০২২ এবং ২০২৪ সালের আরটুএফ ফাইলিং ছিল সংক্ষিপ্ত ৯৯০-এন নোটিশ; তাতে দাতার পরিচয় বা খাতভিত্তিক ব্যয়ের বিবরণ থাকে না। ফলে ২০২৩ সালের বিস্তারিত রিটার্নই সংস্থাটির অর্থব্যবস্থাপনা সম্পর্কে সবচেয়ে বিস্তৃত প্রকাশ্য হিসাব। আর সেই হিসাবেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর অনুপস্থিত।

বাংলাদেশে কাজের দাবি, কিন্তু অনুদানের ফল কোথায়?

আরটুএফের প্রকাশিত কর্মসূচিতে বাংলাদেশের নির্বাচন, রাজনৈতিক দমন-পীড়ন, মানবাধিকার, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক জবাবদিহি গুরুত্ব পেয়েছে। সংস্থাটি বাংলাদেশের নির্বাচন ও রাজনৈতিক সংকট নিয়ে বিবৃতি দিয়েছে, মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আলোচনা করেছে এবং দেশের রাজনৈতিক গতিপথ নিয়ে মন্তব্য প্রকাশ করেছে—বিশেষত আওয়ামী লীগ সরকারের সময়ে।

২০২৫ সালের মার্চে আরটুএফের তৎকালীন প্রেসিডেন্ট মাইলাম ও নির্বাহী পরিচালক ড্যানিলোভিচ প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। সেখানে বাংলাদেশে সংস্থাটির কার্যক্রম বাড়ানোর কথা আলোচনা হয়। একই মাসে আরটুএফ ও কসমস ফাউন্ডেশন ঢাকায় “জুলাই বিপ্লবের আগে ও পরে মানবাধিকার সংগঠনগুলোর ভূমিকা” শীর্ষক আলোচনা আয়োজন করে। ড্যানিলোভিচ তখন বাংলাদেশে নিয়মিত উপস্থিতি এবং স্থানীয় সংগঠনগুলোর সঙ্গে অংশীদারত্বের সম্ভাবনার কথা বলেছিলেন।

এসব প্রকাশ্য কার্যক্রম বাংলাদেশে আরটুএফের আরও সরাসরি ভূমিকা নেওয়ার আগ্রহ দেখায়। কিন্তু এনইডির তালিকাভুক্ত অনুদান কোন বাংলাদেশি প্রকল্পে ব্যয় হয়েছে, ঢাকার অনুষ্ঠানগুলোর খরচ কত ছিল, কিংবা প্রকল্পভিত্তিক কী ফল পাওয়া গেছে—তার কোনো হিসাব প্রকাশ করা হয়নি।

বাংলাদেশের রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতিকে কাজের কেন্দ্র বলে দাবি করা সংস্থার ক্ষেত্রে এই তথ্যের অভাব আরও তাৎপর্যপূর্ণ। অনুদানের কত অংশ বাংলাদেশের কাজের জন্য বরাদ্দ ছিল? সেই অর্থ দিয়ে কী করা হয়েছে? আর কর্মসূচিতে মাত্র ৬ দশমিক ৪ শতাংশ ব্যয় দেখানোর সঙ্গে বাংলাদেশের কাজের পরিধির সম্পর্ক কী? এসব প্রশ্নের জবাব ছাড়া অনুদানের ব্যবহার যাচাই করা যায় না।

প্রতিষ্ঠাতা থেকে রাষ্ট্রদূত

আনসারী আরটুএফ প্রতিষ্ঠা করেন এবং ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত নির্বাহী পরিচালক ছিলেন। সংস্থাটি জানায়, অন্তর্বর্তী সরকারের দলে যোগ দিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে তিনি পদ ছাড়ছেন। এরপর বোর্ডের সদস্য ড্যানিলোভিচকে অন্তর্বর্তী নির্বাহী পরিচালক করা হয়।

মুশফিকুল ফজল আনসারী ও রাইট টু ফ্রিডম বিতর্ক

২০২৪ সালের অক্টোবরে আনসারীকে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়। তিনি মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন এবং লাতিন আমেরিকার কয়েকটি দেশের দায়িত্বও পান। ২০২৬ সালের মার্চে সরকার তাঁকে ওই পদ থেকে প্রত্যাহার করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করে। ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত তিনি জ্যেষ্ঠ সচিব পদমর্যাদার রাষ্ট্রদূত হিসেবে মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন।

আরটুএফের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক থেকে বাংলাদেশের কূটনৈতিক দায়িত্বে আনসারীর এই যাত্রা সংস্থাটির তহবিল, পরিচালনা ও জবাবদিহির হিসাবকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে। ২০২৩ সালের কর-রিটার্নে পরিচালক হিসেবে শুধু তাঁর নামই রয়েছে, যদিও তাঁর পারিশ্রমিক শূন্য দেখানো হয়েছে। একই রিটার্নে কর্মকর্তা-পরিচালকদের পারিশ্রমিক এবং নামহীন কর্মীদের মজুরির হিসাবও রয়েছে।

আনসারীর দায়িত্বকালে সংস্থার অর্থের নিয়ন্ত্রণ কার হাতে ছিল, ব্যয় কে অনুমোদন করতেন, বোর্ড কীভাবে তদারকি করত এবং বাংলাদেশে সংস্থার কাজ তাঁর পরবর্তী সরকারি ভূমিকা থেকে কীভাবে পৃথক ছিল—এসব প্রশ্নের উত্তরও প্রকাশ্য নথিতে নেই।

বোর্ডের তদারকির প্রশ্ন

আরটুএফের বর্তমান ওয়েবসাইটে ড্যানিলোভিচকে প্রেসিডেন্ট এবং মাইলামকে প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হিসেবে দেখানো হয়েছে। বোর্ডে রয়েছেন বদরা আলম সৈয়দ, রিয়াজ ইসলাম, মোহাম্মদ এম. আর. ভূঁইয়া, ফজলে ই. ভূঁইয়া ও গোলাম সোহরওয়ার্দী। আনসারীকে প্রতিষ্ঠাতা ও সাবেক নির্বাহী পরিচালক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

বোর্ডের সদস্যদের অভিজ্ঞতা কূটনীতি, অর্থনীতি, ব্যবসা, প্রযুক্তি ও নৌপরিবহন খাতে বিস্তৃত। মাইলাম বাংলাদেশ ও পাকিস্তানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত ছিলেন। ড্যানিলোভিচ মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা; দক্ষিণ এশিয়ায়, ঢাকা ও ইসলামাবাদসহ, দায়িত্ব পালন করেছেন। রিয়াজ ইসলামের প্রোফাইলে সিটিগ্রুপে প্রায় দুই দশকের কাজ ও বিকল্প বিনিয়োগ খাতে জ্যেষ্ঠ দায়িত্বের উল্লেখ রয়েছে।

আরটুএফের বর্ণনা অনুযায়ী, সৈয়দ ম্যাসাচুসেটসের উদ্যোক্তা ও সমাজকর্মী; ভূঁইয়া নিউইয়র্কের একটি নির্মাণ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী; ফজলে ই. ভূঁইয়া ভার্জিনিয়ার SoNG Technologies-এর প্রধান নির্বাহী; আর সোহরওয়ার্দী নৌপরিবহন খাতের অভিজ্ঞ ব্যক্তি ও South Asia Journal-এর প্রকাশক।

এমন অভিজ্ঞতাসম্পন্ন বোর্ডের কাছে আর্থিক নিয়ন্ত্রণ ও কর্মসূচির ফলাফলের পূর্ণ হিসাব দেওয়ার দায়িত্ব রয়েছে. পরিচালকেরা আরটুএফের বাংলাদেশ মিশনকে কীভাবে সংজ্ঞায়িত করেছিলেন? প্রকল্প তৈরি ও অনুমোদন করেছেন কারা? অনুদানের ব্যবহার কে পর্যবেক্ষণ করেছেন? কর্মসূচিতে কম ব্যয়ের হিসাবের পক্ষে কী নথি রয়েছে? প্রকাশ্য ফাইলিং এসব প্রশ্নের উত্তর দেয় না।

এনইডির উচিত দুই ইআইএন ও ঠিকানার অমিল ব্যাখ্যা করা, অনুদানের তারিখ ও শর্ত প্রকাশ করা এবং নিজেদের হিসাবের সঙ্গে আরটুএফের হিসাব মিলিয়ে দেখা। আরটুএফের উচিত অনুদান, বেতন, প্রশাসনিক ব্যয় ও বাংলাদেশে পরিচালিত কর্মসূচির খাতভিত্তিক হিসাব প্রকাশ করা। আনসারীর দায়িত্বকালসহ বোর্ডের তদারকির বিবরণও প্রকাশ্যে আনা দরকার।

Bangladesh Chhatra League Calls Nationwide Shutdown for November 10

অয়্যারিস্ট-এর প্রশ্নের জবাবে দুই প্রতিষ্ঠানের নীরবতা এসব অমীমাংসিত প্রশ্ন আরও জোরালো করেছে। অনুদানপ্রাপক কে ছিল, অর্থ কীভাবে হিসাবভুক্ত হয়েছে, বাংলাদেশে কোন কাজের জন্য তা খরচ হয়েছে এবং সেই কাজের ফল কী—এসব বিষয়ে স্বচ্ছ ব্যাখ্যা এখন জরুরি।

সরকার বদলের পর মানবাধিকার নিয়ে কম সরব

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে সরকার পরিবর্তনের পর দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে আরটুএফের প্রকাশ্য বক্তব্য উল্লেখযোগ্যভাবে কমে আসে। মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে সংস্থাটি সংস্কার উদ্যোগের প্রশংসা করে এবং বাংলাদেশে কাজ বাড়ানোর পরিকল্পনার কথা জানায়। তবে সে সময়ে রাজনৈতিক প্রতিপক্ষের নির্বিচার আটক ও সাংবাদিকদের ওপর হামলার মতো উদ্বেগজনক ঘটনার বিষয়ে আরটুএফের তুলনীয় সমালোচনা অয়্যারিস্ট খুঁজে পায়নি।

বিএনপি সরকারের বিষয়ে আরটুএফের একটি প্রকাশ্য বিবৃতি ছিল। জাতীয় মানবাধিকার কমিশন ও গুম-সংক্রান্ত অধ্যাদেশে প্রস্তাবিত পরিবর্তন সুরক্ষা দুর্বল করতে পারে বলে সংস্থাটি সতর্ক করেছিল। তবে সংসদে আইনগুলো পাস হওয়ার আগেই ওই বিবৃতি প্রকাশিত হয়।

এরপর হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) নতুন আইনগুলোকে সুরক্ষা ও জবাবদিহির জন্য দুর্বলতা হিসেবে বর্ণনা করে। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, আটক ও অন্যান্য চাপের ধারাবাহিকতা নথিভুক্ত করে। নভেম্বরে এইচআরডব্লিউ গার্মেন্ট শ্রমিকদের মজুরির দাবি মেটাতে এবং বিক্ষোভে সংযম দেখাতে সরকারের প্রতি আহ্বান জানায়। এসব পরবর্তী ঘটনার বিষয়ে আরটুএফের কোনো বক্তব্য অয়্যারিস্ট খুঁজে পায়নি।

শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের সমালোচনায় সংস্থাটির দীর্ঘদিনের সক্রিয়তার পাশে এই নীরবতা স্পষ্ট বৈপরীত্য তৈরি করে। আরটুএফের প্রতিষ্ঠাতা আনসারী খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব ছিলেন। পরে সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিলোভিচ সংস্থাটির নেতৃত্বে আসেন। আনসারী চুক্তিভিত্তিক নিয়োগে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদার রাষ্ট্রদূত হন এবং এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত।

তিনি প্রকাশ্যে তারেক রহমানের নেতৃত্বকে “নতুন গণতান্ত্রিক যাত্রার” সূচনা বলে প্রশংসা করেছেন এবং প্রধানমন্ত্রীর জাতিসংঘের ভাষণ বাংলাদেশের মর্যাদা বাড়াবে বলে মন্তব্য করেছেন। আরটুএফের রাজনৈতিক অবস্থান, প্রতিষ্ঠাতার সরকারি ভূমিকা এবং পরবর্তী সরকারগুলোর মানবাধিকার পরিস্থিতি নিয়ে সংস্থাটির সীমিত সমালোচনা একটি মৌলিক প্রশ্ন তোলে: সংস্থাটির লক্ষ্য কি ধারাবাহিকভাবে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত ও সমালোচনা, নাকি তাদের সবচেয়ে জোরালো প্রচার কেবল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধেই ছিল?

যুক্তরাষ্ট্রের প্রশাসন ও কংগ্রেসেরও খতিয়ে দেখা উচিত, দুই ভিন্ন ইআইএন ও ঠিকানায় তালিকাভুক্ত বাংলাদেশকেন্দ্রিক সংস্থাকে এনইডি কীভাবে অনুদান দিয়েছে এবং ৬ হাজার ৭৭৭ ডলারের কর্মসূচি-ব্যয়ের বিপরীতে ৬৮ হাজার ৪৬৪ ডলারের প্রশাসনিক ব্যয়ের কী তদারকি করেছে। কোন আইনি সত্তা টাকা পেয়েছে, অনুদানের হিসাব কীভাবে রাখা হয়েছে, কোন বাংলাদেশি কর্মসূচিতে অর্থ গেছে এবং কী কাজ সম্পন্ন হয়েছে—এসবের নথিভিত্তিক জবাব ছাড়া অনুদান প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে ওঠা গুরুতর প্রশ্নটি থেকেই যাবে।

মন্তব্য

Scroll to Top