ওয়াশিংটন ডিসি — জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে অত্যন্ত সাড়ম্বর ও জমজমাট আয়োজনের মধ্য দিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ৩ দিনব্যাপী উত্তর আমেরিকার বাঙালি সম্মেলন ‘ফোবানা কনভেনশন’। গত ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই সম্মেলনে প্রবাসীদের উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত রূপ নেয়।
আয়োজকরা জানান, ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরীর দিকনির্দেশনা ও হোস্ট কমিটির আহ্বায়ক নুরুল আমীন বাবুর বলিষ্ঠ নেতৃত্বে সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালিত হয়।
মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতার স্মৃতি ও আদর্শকে ধারণ করে আয়োজিত এই সম্মেলন উত্তর আমেরিকায় প্রবাসীদের ঐক্য ও বাঙালি সংস্কৃতি চর্চায় এক নতুন মাত্রা যোগ করেছে। সম্মেলনের সফল সমাপ্তির পাশাপাশি পরবর্তী ফোবানা কনভেনশনের আয়োজক শহর ও নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।
প্রতিষ্ঠার চার দশক পর ফোবানা ফিরছে তার জন্মস্থানে। ওয়াশিংটন ডিসিতে, যে শহর থেকে শুরু হয়েছিল ফোবানার যাত্রা, ২০২৭ সালে সেখানেই লেবার ডে উইকেন্ডে (Labor Day Weekend) বসবে ৪১তম সম্মেলন। এই সম্মেলনে হোস্ট কমিটির সভাপতি হিসেবে নেতৃত্ব দেবেন প্রবীণ সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর। এ প্রসঙ্গে তিনি বলেন, “ একটি বিশাল আয়োজন এবং কমিউনিটির জন্য নতুন এক উদ্যোগে সফল হওয়া কখনোই কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা এবং ভালোবাসা।
ফোবানাকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে যেতে এবং একটি স্মরণীয় সম্মেলন উপহার দিতে আপনাদের সবার সার্বিক সহযোগিতা, সুচিন্তিত মতামত ও সক্রিয় অংশগ্রহণ একান্তভাবে কাম্য।
আসুন, আমরা সবাই হাতে হাত মিলিয়ে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে শক্তিশালী করি এবং ৪১তম ফোবানা কনভেনশনকে এক ঐতিহাসিক সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিই ।”

মন্তব্য