পূর্ব ঘোষণা অনুযায়ী এই ডিসেম্বরে দেশে ফেরার ব্যাপারে অনড় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং এই অনড় অবস্থানের প্রকাশ পেয়েছে তার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন করার মধ্য দিয়ে।
Chhatra League Backs Nov 19 Nationwide Lockdown, Issues Organisational Directive
শেখ হাসিনার পক্ষে ব্রিটিশ ল ফার্ম ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জমা দেওয়া এই আবেদন তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে নতুন রাজনৈতিক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।
যদিও বাংলাদেশ সরকার বর্তমানে ভারতে নির্বাসিত শেখ হাসিনাকে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার অনুরোধ সরাসরি নাকচ করে দিয়েছে। কিন্তু তার দল আওয়ামী লীগ তাকে ডিসেম্বরে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে সম্পূর্ণ অনড়।
দলটির অন্যতম মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলেছেন, শেখ হাসিনা ঝুঁকি থাকলেও ডিসেম্বরেই দেশে ফিরবেন। এই অবস্থানে অটল রয়েছেন তাদের নেত্রী। আর সেজন্য সারাদেশে তাদের দলকে সাংগঠনিক দিক থেকে গোছানো হয়েছে বলেও তিনি দাবি করেন।
আরাফাত মনে করেন, প্রত্যার্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত নেওয়া বিএনপি সরকারের জন্য বেশ কঠিন। তিনি নিজের ঘোষণা অনুযায়ীই দেশে ফিরবেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে সোমবার ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়ে শেখ হাসিনা ওই আবেদন করেছেন, যা রয়টার্স দেখার সুযোগ পেয়েছে।
রয়টার্স লিখেছে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মুখে ভারতে আশ্রয় নেয়ার পর বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে শেখ হাসিনার এটাই এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ।
রয়টার্স বলেছে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
লন্ডনভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা চিঠিতে লিখেছেন, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা খবর পেয়েছেন।
চিঠিতে বলা হয়, “আমাদের মক্কেলের বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে, তার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।”
শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদ থেকে উদ্ভূত বাধ্যবাধকতা অনুসারে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানিয়েছেন তার আইনজীবীরা।
রয়টার্স লিখেছে, এ বিষয়ে মন্তব্য জানতে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল তারা। তবে তাৎক্ষণিকভাবে কোনো জবাব মেলেনি।
শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করার পর তা নিয়ে বিএনপি সরকারের অনেকে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ওই আবেদনকে ‘হাস্যকর‘ বলে বর্ণনা করেছেন।

মন্তব্য