আগামী ১৪ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দেশ-বিদেশে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি এ কর্মসূচি ঘোষণা করে। এতে ৮ দফা দাবি আদায়ে লিফলেট বিতরণ, গণসংযোগ, বিক্ষোভ মিছিল, স্মারকলিপি পেশ, কালো দিবস পালন এবং সর্বাত্মক সকাল-সন্ধ্যা লকডাউনের কর্মসূচি তুলে ধরা হয়েছে।

আওয়ামী লীগের ঘোষিত আট দফা দাবির মধ্যে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল, সাজানো রায় ও মিথ্যা মামলা প্রত্যাহার, দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, সব রাজবন্দির মুক্তি, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, বন্ধ শিল্পকারখানা চালু, নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং শিক্ষার্থীদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠা।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৪ নভেম্বর শনিবার সারাদেশে আট দফা দাবিসংবলিত লিফলেট বিতরণ, দেয়াল লিখন, প্রচারণা ও গণসংযোগ চালানো হবে। ১৫ নভেম্বর রোববার সব সাংগঠনিক ইউনিটে দাবিগুলোর সমর্থনে গণপ্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হবে।
১৬ নভেম্বর সোমবার জেলা শাখাগুলোর উদ্যোগে নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হবে। একই দিন কেন্দ্রীয়ভাবে ঢাকায় অবস্থিত বিদেশি দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয়ে স্মারকলিপি পেশের কর্মসূচি রয়েছে।
পাশাপাশি প্রবাসী শাখাগুলো বিদেশে বাংলাদেশের দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট ও আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তরে স্মারকলিপি দেবে।
সব রাজনৈতিক দল ও ব্যক্তির অংশগ্রহণের অধিকার থাকা উচিত: জাতিসংঘ
১৭ নভেম্বর মঙ্গলবারকে ‘কালো দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে দলটি। ২০২৫ সালের এই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়ের প্রতিবাদে দিনব্যাপী কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয় ও নির্ধারিত স্থানে কালো পতাকা উত্তোলন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কর্মসূচির শেষ পর্যায়ে ১৯ নভেম্বর বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা সর্বাত্মক ‘লকডাউন’ পালনের ঘোষণা দেওয়া হয়েছে। দলটির বিজ্ঞপ্তি অনুযায়ী, এ সময় যানবাহন, দোকানপাট, শিল্পকারখানা, সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।
তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, সংবাদমাধ্যম, হাসপাতাল ও ওষুধের দোকানকে জরুরি সেবার আওতাভুক্ত রেখে এসব সেবার নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নেতাকর্মীদের সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড ও প্রবাসী শাখাসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ঘোষিত কর্মসূচি সফল করতে সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়েছে।
একই সঙ্গে কর্মসূচি সফল করতে দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছে দলটি।

মন্তব্য