আগামী ১৪, ১৫ ও ১৬ নভেম্বর টানা তিন দিনব্যাপী ৭২ ঘণ্টার ‘গণসংযোগ ও গণপ্রতিবাদ’ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আট দফা দাবি বাস্তবায়ন এবং দেশের বর্তমান পরিস্থিতির প্রতিবাদে এ কর্মসূচি পালন করবে দলটি।
মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ অভিযোগ করেছে, অসাংবিধানিক উপায়ে ক্ষমতাসীন সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে এবং দেশে চরম নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। এমন পরিস্থিতিতে দেশ বাঁচাতে আগামী ডিসেম্বরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে ফিরবেন বলেও দাবি করেছে দলটি। তাদের ভাষ্য, শেখ হাসিনার এই সিদ্ধান্ত দিশেহারা মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে।
Bangladesh First—or Tarique Rahman’s Politics of Appeasing the Powerful?
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৪ নভেম্বর সারা দেশে আট দফা দাবিসংবলিত লিফলেট বিতরণ, দেয়াল লিখন, প্রচার-প্রচারণা ও গণসংযোগ করা হবে। ১৫ নভেম্বর আট দফা দাবির সমর্থনে দেশব্যাপী গণপ্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ১৬ নভেম্বর দেশের সব জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস এবং আন্তর্জাতিক সংস্থার কার্যালয়ে আট দফা দাবিসংবলিত স্মারকলিপি দেওয়ার কর্মসূচি রয়েছে। একই দিনে বিদেশে বাংলাদেশের দূতাবাস, হাইকমিশন ও কনস্যুলেটে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রধান কার্যালয়ে আওয়ামী লীগের প্রবাসী শাখার পক্ষ থেকেও স্মারকলিপি দেওয়ার কথা জানানো হয়েছে।
কর্মসূচি সফল করতে দেশ-বিদেশে দলের সব শাখা এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। পাশাপাশি আট দফা দাবি বাস্তবায়নে গণআন্দোলন গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
আট দফা দাবিতে যা রয়েছে
আওয়ামী লীগের ঘোষিত আট দফা দাবির মধ্যে রয়েছে—শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাঁর বিরুদ্ধে দেওয়া বিচারিক রায় বাতিল; আওয়ামী লীগ ও এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার; রাজবন্দিদের মুক্তি, মামলা-বাণিজ্য বন্ধ এবং কথিত মিথ্যা মামলা প্রত্যাহার।
এ ছাড়া বিদ্যুৎ, তেল, গ্যাস, পানি ও সারের দাম কমানো এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে দলটি। অর্থনীতির গতি সচল রাখতে বন্ধ শিল্পকারখানা চালু ও বেকার শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থার কথাও বলা হয়েছে।
অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে—খুন, ধর্ষণ, চাঁদাবাজি, লুটপাট ও দখল বন্ধ করে নারী-শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিত করা; ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর নির্যাতন বন্ধ এবং অপরাধীদের বিচার নিশ্চিত করা।
এ ছাড়া সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তি, চিন্তা, বিবেক, বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং জঙ্গি ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিও জানিয়েছে দলটি।
সংবাদ বিজ্ঞপ্তির শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

মন্তব্য