আগামী ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে ৬ নভেম্বর প্রকাশিত এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিবৃতিতে বাংলাদেশের মানুষের মুক্তি, স্বাধীনতা, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠা এবং ছাত্রসমাজের শিক্ষার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আট দফা দাবি তুলে ধরা হয়েছে।

দাবিগুলোর মধ্যে রয়েছে—শেখ হাসিনার বিরুদ্ধে কথিত অবৈধ ট্রাইব্যুনালে দেওয়া রায় বাতিল, সব মিথ্যা মামলা প্রত্যাহার, কনটেম্পট কোর্টের সব রায় বাতিল এবং রাজবন্দিদের মুক্তি নিশ্চিত করা। একই সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।
শিক্ষা খাতে শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে দেওয়া, বহিষ্কারাদেশ বাতিল, সনদ পুনর্বহাল এবং ক্লাস, পরীক্ষা ও আবাসনের অধিকার নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।
এ ছাড়া বিদ্যুৎ, তেল, গ্যাস, পানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে সরবরাহ স্বাভাবিক রাখা এবং গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে ছাত্রলীগ।
সরকারি চাকরিতে ভেরিফিকেশনের নামে হয়রানি ও রাজনৈতিক যাচাই-বাছাই বন্ধ, মেধার ভিত্তিতে চাকরি নিশ্চিত এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) দলীয়করণ বন্ধের দাবিও রয়েছে বিবৃতিতে। পাশাপাশি শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দ এবং সন্ত্রাস, জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতামুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
যেসব সেবা বন্ধ রাখার ঘোষণা
১০ নভেম্বরের ধর্মঘট কর্মসূচির আওতায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। একই সঙ্গে বাস, ট্রাক, ট্রেন ও লঞ্চসহ সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রাখার কথা বলা হয়েছে।
এ ছাড়া দোকানপাট, শিল্প-কলকারখানা, সরকারি-বেসরকারি অফিস, ব্যাংকিং কার্যক্রম এবং আদালত বন্ধ রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
তবে জরুরি সেবা হিসেবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও গণমাধ্যমকে ধর্মঘটের আওতামুক্ত রাখার কথা বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
দেশের সাধারণ মানুষ, ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে এ কর্মসূচিতে সমর্থন ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে ছাত্রলীগ।
বিবৃতিতে সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষর রয়েছে।

মন্তব্য