বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বিএনপি সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি। তার দাবি, প্রত্যর্পণ চুক্তির প্রসঙ্গ সামনে এনে সরকার কার্যত শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়া দীর্ঘায়িত করছে।
ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বীণা সিক্রি বলেন, বাংলাদেশ সরকারের সাম্প্রতিক অবস্থান থেকে মনে হচ্ছে, তারা শেখ হাসিনাকে স্বেচ্ছায় দেশে ফিরে আসতে দিতে আগ্রহী নয়। অথচ শেখ হাসিনা নিজেই দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন এবং বাংলাদেশের আদালতে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন জানানোর বিষয়েও মন্তব্য করেন ভারতের সাবেক এই কূটনীতিক। তিনি বলেন, শেখ হাসিনার পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় তার জন্য একটি ভ্রমণ নথি (ট্রাভেল ডকুমেন্ট) দেওয়ার আবেদন করা যৌক্তিক। এই নথি দেওয়া হলে তিনি দেশে ফিরে বিচারপ্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।
প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থানের সমালোচনা করে বীণা সিক্রি বলেন, শেখ হাসিনা যখন নিজেই দেশে ফিরতে চাইছেন, তখন প্রত্যর্পণ প্রক্রিয়ার ওপর এত গুরুত্ব দেওয়ার বিষয়টি বিস্ময়কর। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বারবার প্রত্যর্পণের কথা বলার মধ্য দিয়ে সরকারের প্রকৃত অবস্থান স্পষ্ট হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বীণা সিক্রির দাবি, ভ্রমণ নথি দেওয়া হলে শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা সম্ভব। অন্যদিকে, প্রত্যর্পণ প্রক্রিয়া শেষ হতে দুই থেকে তিন বছর পর্যন্ত সময় লাগতে পারে। ফলে প্রত্যর্পণের ওপর জোর দিয়ে সরকার তার দেশে ফেরার বিষয়টি বিলম্বিত করতে চাইছে বলে মনে করেন তিনি।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স। তবে ঢাকা থেকে ওই আবেদন নাকচ করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না। একই সঙ্গে তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।

মন্তব্য