ময়মনসিংহের ভালুকায় রবীন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে তিন দফায় ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রবীন্দ্র ঋষি ধোবাউড়া উপজেলার উত্তরপাড়া এলাকার রঞ্জিত ঋষির ছেলে। তিনি ভালুকার জামিরদিয়া তরিফ মুন্সী মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং সেখানে সেলুনের ব্যবসা করতেন। অভিযুক্ত সাদ্দাম একই এলাকার বাবুল মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী সুচিত্রার অভিযোগ, মাদক সেবনের জন্য সাদ্দাম প্রায়ই তাঁর স্বামীর কাছ থেকে টাকা নিতেন। সেলুনে চুল কাটানোর পরও টাকা দিতেন না। টাকা না দেওয়া এবং চুল কাটতে না দেওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। এর আগে সাদ্দাম তাঁর স্বামীকে হত্যার হুমকিও দিয়েছিলেন বলে দাবি করেন তিনি।
নিহতের পরিবারের দাবি, প্রায় তিন মাস আগে রবীন্দ্রের মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগে সাদ্দামের বিরুদ্ধে স্থানীয়ভাবে সালিশ হয়েছিল। ওই ঘটনার জেরেও হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা পরিবারের সদস্যদের।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় সেলুনে ঢুকে রবীন্দ্রকে ছুরিকাঘাত করেন সাদ্দাম। প্রাণ বাঁচাতে রবীন্দ্র সেখান থেকে দৌড়ে গিয়ে সাদ্দামের বাবার দোকানে আশ্রয় নেন। সেখানেও তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়।
পরে পাশের একটি বাড়ির উঠানে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সেখানেও তাঁকে ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য বা অভিযুক্তের গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য