সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | Columbus |
| Columbus
দ্য ভয়েস নিউজ
কূটনীতি, রাজনীতি ও নীতি — কাছ থেকে
সর্বশেষ

মধ্যরাতে কবর খুঁড়ে মুক্তিযোদ্ধা মানিক পশারীকে দাফন করলেন মেয়ে ও বোনেরা

- ২৬ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

পিরোজপুরে দাফনে বাধা ও উত্তেজনার ঘটনার পর গভীর রাতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে। শনিবার রাত ২টার পর পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতালিয়া গ্রামে তাঁর দাফন সম্পন্ন হয়। মৃত্যুর প্রায় ১৭ ঘণ্টা পর পরিবারের সদস্যরা তাঁর মরদেহ দাফন করেন।

পরিবারের অভিযোগ, প্রথমবার কবর খোঁড়ার পর স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সেটি ভরাট করে দেন। পরে রাতে মানিক পশারীর মেয়ে ও দুই বোন গ্রাম পুলিশের সহায়তায় মোবাইল ফোনের আলোয় আবার কবর খুঁড়ে দাফনের ব্যবস্থা করেন। এ সময় পরিবারের সদস্য ও কয়েকজন গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন। তবে স্থানীয়দের কেউ দাফনে অংশ নেননি বলে জানিয়েছেন তাঁর মেয়ে সুমি বেগম।

সুমি বেগম জানান, শনিবার দুপুরে তাঁর বাবার মৃত্যুর খবর পাওয়ার পর পারিবারিক কবরস্থানে কবর খোঁড়া হয়। কিন্তু বিকেলে কয়েকজন এসে সেখানে দাফন করতে দেওয়া হবে না বলে কবরটি ভরাট করে দেন। পরে রাতে পরিবারের সদস্যরা নিজেরাই কবর খুঁড়ে বাবাকে দাফন করেন।

মানিক পশারী মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী ছিলেন। ২০০৯ সালের ১২ আগস্ট পিরোজপুরের মুখ্য বিচারিক আদালতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে সাঈদীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় তিনি ছিলেন ছয় নম্বর সাক্ষী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর মানিক পশারী তাঁর মেয়ের বাসায় অবস্থান করছিলেন। শনিবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর মৃত্যু হয়। পরে মরদেহ দাফনের জন্য পিরোজপুর সদর উপজেলার চিতালিয়া গ্রামের বাড়িতে নেওয়ার পথে পিরোজপুর শহরে বাধার মুখে পড়েন স্বজনেরা। এ সময় স্থানীয় কয়েকজন, জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সাঈদীর অনুসারীরা বাধা দেন বলে অভিযোগ রয়েছে।

পরে পুলিশ মরদেহটি পিরোজপুর পুলিশ লাইন্সে নিয়ে যায়। সেখানে সাঈদীর অনুসারী ও স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। বিকেলে পুলিশি পাহারায় মানিক পশারীকে গার্ড অব অনার দেওয়া হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন বলেন, মানিক পশারীর দাফনে বাধা দেওয়া ঠিক হয়নি।

অন্যদিকে, পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক দাবি করেন, মানিক পশারী তাঁদের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন। এ কারণে স্থানীয় লোকজন তাঁর দাফনে বাধা দিলেও জামায়াতের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, রাতে চিতালিয়া গ্রামে মানিক পশারীর মরদেহ দাফন করা হয়েছে।

মন্তব্য

Scroll to Top