জামালপুরে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হওয়ার তিন দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে হাবিবুর রহমান (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর দুইটার দিকে সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের নামা কোচান্ধরা এলাকায় নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হাবিবুর রহমান জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের বড়ুয়ামারী গ্রামের জহির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন দিন আগে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন হাবিবুর রহমান। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। তবে নিখোঁজের ঘটনায় থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করেননি স্বজনেরা।
শুক্রবার বেলা ১১টার দিকে নরুন্দি ইউনিয়নের কোচান্ধরা এলাকায় নৌকায় ব্রহ্মপুত্র নদ পার হওয়ার সময় পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর দুইটার দিকে মরদেহটি উদ্ধার করে। পরে স্বজনদের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়।
উদ্ধারের সময় মরদেহে পচন ধরেছিল বলে জানা গেছে।
নরুন্দি পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক ওবায়দুল হক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ উদ্ধারের পর থানায় নেওয়া হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে।
হাবিবুর রহমান কীভাবে নদে পড়লেন কিংবা তাঁর মৃত্যুর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য