বান্দরবানে নিজ মালিকানাধীন রিসোর্টে এক নারীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মার্মাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার (১৭ অক্টোবর) বিকালে তাঁকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে এনসিপি।
পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, বিয়ের প্রলোভন দেখিয়ে গত পাঁচ মাসে ওই নারীকে একাধিকবার বান্দরবান শহরের শিশুপার্ক-সংলগ্ন সাইনি রিসোর্টে নিয়ে ধর্ষণ করেন শৈক্যচিং মার্মা। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে রিসোর্টে ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারীকে উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন শৈক্যচিং মার্মা। তাঁর দাবি, টাকা আদায়ের উদ্দেশ্যে ওই নারী তাঁকে ব্ল্যাকমেইল করেছেন এবং তিনি ষড়যন্ত্রের শিকার।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ জানান, ভুক্তভোগী নারী শুক্রবার রাতে থানায় মামলা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার শৈক্যচিং মার্মাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে এনসিপি। একই সঙ্গে কেন তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে দুই কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় চিঠিতে উল্লেখ করা হয়।

মন্তব্য