গোপালগঞ্জসহ সারাদেশে গণগ্রেফতার, গণতল্লাশি, নির্যাতন, মিথ্যা মামলা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) আওয়ামী লীগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এসব অভিযোগ করেন। বিবৃতিতে তিনি অবিলম্বে গণগ্রেফতার ও গণতল্লাশি বন্ধ এবং সাধারণ মানুষের অধিকার ও আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান।
বিবৃতিতে শেখ হাসিনা অভিযোগ করেন, জনঅসন্তোষে ভীত হয়ে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় ব্লক রেইড চালিয়ে গণগ্রেফতার করছে। গ্রেফতার ব্যক্তিদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের ওপরও নির্যাতন চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। তাঁর দাবি, একই পরিস্থিতি এখন দেশের অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়েছে।
বিবৃতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মানবাধিকার, বাকস্বাধীনতা ও রাজনৈতিক অধিকার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আওয়ামী লীগ সভাপতি। পাশাপাশি অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি ও সার সংকট, কলকারখানা বন্ধ এবং বেকারত্ব বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরেন তিনি।
শেখ হাসিনা বলেন, সারাদেশে সাঁড়াশি অভিযান, গণগ্রেফতার, গণতল্লাশি, নির্যাতন, মিথ্যা মামলা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সব ধরনের অন্যায়-অত্যাচার বন্ধ করতে হবে। জনগণের অধিকার ও আইনি সুরক্ষা নিশ্চিত করারও দাবি জানান তিনি।
বিবৃতির শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন আওয়ামী লীগ সভাপতি।

মন্তব্য