Thursday, November 19, 2026 | Dallas |
| Dallas
the VOICE News
DIPLOMACY, POLITICS, AND POLICY — UP CLOSE
সর্বশেষ

গোপালগঞ্জে সহিংসতার আশঙ্কা: পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ

- ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

সাতক্ষীরা : গোপালগঞ্জে সড়ক অবরোধ ও সম্ভাব্য সহিংসতার আশঙ্কায় পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুর থেকে এ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছেড়ে যাবে না বলে জানিয়েছেন পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

পরিবহন কাউন্টার সূত্রে জানা গেছে, বুধবার সকালে কয়েকটি বাস পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিশৃঙ্খলার খবর ছড়িয়ে পড়ার পর দুপুর থেকে এ রুটে বাস চলাচল স্থগিত করা হয়।

বিকল্প হিসেবে যশোর হয়ে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে সীমিতসংখ্যক বাস চলাচল করছে। তবে এতে যাত্রীদের যাতায়াতে অতিরিক্ত সময় লাগছে এবং ভোগান্তি বাড়ছে।

Behind Khalilur Rahman’s Sudden Return to Bangladesh: Washington’s Possible Role Sparks Diplomatic Intrigue

ইমাদ পরিবহনের পাটকেলঘাটা কাউন্টারের ব্যবস্থাপক স্বাধীন জানান, চলমান কর্মসূচি ও নিরাপত্তাঝুঁকি বিবেচনায় বৃহস্পতিবার এ রুটে কোনো বাস ছাড়বে না।

একই তথ্য নিশ্চিত করেছেন এসকে পরিবহনের সাতক্ষীরা কাউন্টারের ব্যবস্থাপক জহির রায়হান। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় চালক, শ্রমিক ও মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় জরুরি প্রয়োজনে ঢাকাগামী যাত্রী, চাকরিজীবী ও সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। বিকল্প পথে যাতায়াত করতে গিয়ে সময় ও অর্থ—দুই দিক থেকেই বাড়তি চাপের মুখে পড়ছেন তাঁরা।

পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকতে পারে।

উল্লেখ্য, একই নিরাপত্তাঝুঁকির কারণে এর আগে খুলনা থেকেও ঢাকাগামী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে পদ্মা সেতু হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগে অচলাবস্থা তৈরি হয়েছে।

মন্তব্য

Scroll to Top