রাজধানী ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মালিবাগ, খিলগাঁও, মিরপুর ও মোহাম্মদপুরে পৃথক এসব ঘটনার খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এর আগে সোমবার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখ ও উত্তরার জসিমউদ্দিন এলাকায় চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় তিন পথচারী আহত হন।
মালিবাগ ও খিলগাঁওয়ে বিস্ফোরণ
দৈনিক সকালবেলার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকালে রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় রেললাইনের পাশে একটি ফার্মেসির সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। কিছু সময় পর মালিবাগ চৌধুরীপাড়া ফ্লাইওভারের মুখের কাছেও আরেকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
একই দিনে খিলগাঁওয়ের কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল ও কমিউনিটি সেন্টারসংলগ্ন এলাকাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণ
মঙ্গলবার বেলা ১১টার দিকে মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
মোহাম্মদপুরে মোটরসাইকেলে এসে ককটেল নিক্ষেপ
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুর কৃষি মার্কেটের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
খোলা কাগজের প্রতিবেদন অনুযায়ী, মোটরসাইকেলে আসা দুই অজ্ঞাত ব্যক্তি একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বিস্ফোরণে কেউ হতাহত হননি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ উদ্ধার করেছে। জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। খোলা কাগজ অনলাইন
বিমানবন্দর ও উত্তরায় চারটি বিস্ফোরণ, আহত তিনজন
সোমবার (১৬ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উত্তরার জসিমউদ্দিন এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে কেউ আহত হননি।
এর প্রায় তিন ঘণ্টা পর মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখে আরও দুটি ককটেল বিস্ফোরিত হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিআরটি উড়ালসেতুর ওপর থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছিল। এতে উড়ালসেতুর নিচে থাকা তিন পথচারী আহত হন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়।
বিমানবন্দর থানার পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
১০ দিনে ৫৯টি ককটেল বিস্ফোরণ, ৪৯ যানবাহনে আগুন
এদিকে পুলিশ সদর দপ্তরের তথ্যের বরাত দিয়ে জাগো নিউজ জানিয়েছে, গত ৭ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ১০ দিনে সারাদেশে ৫৯টি ককটেল বিস্ফোরণ এবং ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এসব ঘটনায় পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পুলিশের দুটি স্থাপনাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময়ে মোট ৩৩টি মামলা হয়েছে এবং ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানিয়েছেন, নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, টহল, চেকপোস্ট ও সিসিটিভি পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে।
নিরাপত্তা নিয়ে উদ্বেগ
রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা, ব্যস্ত সড়ক, বাজার ও থানা এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনার পেছনে কারা জড়িত এবং তাদের উদ্দেশ্য কী, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
পুলিশের পক্ষ থেকে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথা জানানো হয়েছে।

মন্তব্য