প্রায় আড়াই বছর পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে তারা সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দলীয় সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন নেতা-কর্মীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এর আগে সকাল ১০টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন। সেখানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের পর নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা মিছিল নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করেন। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লব উপস্থিত নেতা-কর্মীদের শপথবাক্য পাঠ করান।
শপথে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তারা।
কর্মসূচি শেষে সাংবাদিকদের শেখ ইফতি জামান পল্লব বলেন, ‘আমরা সবাই একত্রিত হয়েছি। স্থানীয় মানুষ যেন বসতে পারেন, সে জন্য আমরা দলীয় কার্যালয় খুলে দিয়েছি। বর্তমান সরকার প্রশাসন দিয়ে পার্টি অফিস বন্ধ করে রেখেছিল।
বঙ্গবন্ধু সারা বাংলাদেশের সম্পদ, আজ থেকে তার সমাধিসৌধ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো।
উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০২৪ সালের ৭ আগস্ট জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। সেদিনও তারা একই ধরনের শপথ গ্রহণ করেন। ওই ঘটনার পর থেকে প্রশাসন সমাধিসৌধ কমপ্লেক্সে সাধারণ মানুষের প্রবেশ সীমিত করে এবং কমপ্লেক্সের তিনটি ফটকে পুলিশ মোতায়েনসহ নিরাপত্তাব্যবস্থা জোরদার করে।

মন্তব্য