দেশের পাঁচ জেলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পটুয়াখালী, ময়মনসিংহ, চট্টগ্রাম, ফেনী ও রাজশাহীতে এসব ঘটনা ঘটে। অন্তত পাঁচটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে কয়েকটি পরিবারের সদস্যরা অন্যত্র আশ্রয় নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের বক্তব্যে এসব হামলার বিবরণ উঠে এসেছে। তবে সব ঘটনার সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সম্পৃক্ততা রয়েছে । তবে পুলিশও এখন পর্যন্ত হামলাকারীদের পরিচয় শনাক্ত করতে পারেনি।
Tulip Siddiq Considers Legal Action Against Muhammad Yunus Over ‘Malicious Prosecution’
পটুয়াখালীতে একাধিক বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
পটুয়াখালীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত নয় নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত শহর ও আশপাশের এলাকায় এসব ঘটনা ঘটে।
জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনের বাড়ির সামনে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। নিরাপত্তার কারণে আফজাল হোসেনের ভবনের আট ভাড়াটে রাতেই অন্যত্র আশ্রয় নেন।
এ ছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, সহসভাপতি সুলতান আহমেদ, শ্রমিক লীগের নেতা খলিলুর রহমান, সদর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী এবং যুবলীগ নেতা সৈয়দ সোহেলের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়।
বৃহস্পতিবার ভোরে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহনের বাড়িতেও আগুন দেওয়া হয়।
ময়মনসিংহে মার্কেট গুঁড়িয়ে দেওয়া ও বাড়িতে আগুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাবেক পৌর মেয়র আবদুস ছাত্তার ও আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য সামি উসমান গণির দুটি মার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই রাতে সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয়ভাবে এসব ঘটনায় রাজনৈতিক প্রতিপক্ষের সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও কারা হামলা চালিয়েছে, তা পুলিশ নিশ্চিত করতে পারেনি।
চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা
চট্টগ্রাম নগরের দামপাড়ার পল্টন সড়ক এলাকায় নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় পাশের আরেকটি ভবনেও হামলা হয়।
ভবনের নিরাপত্তাকর্মীদের ভাষ্য, রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে ৫০ থেকে ৬০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে সেখানে আসে। তারা দুটি ভবনে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালায়। তবে হামলাকারীদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ফেনীতে সাবেক সংসদ সদস্যের বাড়িতে আগুন ও লুটপাটের অভিযোগ
ফেনীর সোনাগাজীতে সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। স্বজনদের অভিযোগ, ২০ থেকে ২৫ জন অস্ত্রধারী ব্যক্তি বাড়িতে প্রবেশ করে মূল্যবান মালামাল লুট করেন। পরে বাড়ির তিনটি কক্ষ ও সামনে থাকা একটি পিকআপে আগুন ধরিয়ে দেন।
তবে পুলিশ জানিয়েছে, আগুনে বাড়ির আসবাব ও পিকআপের সামনের অংশ পুড়ে গেলেও লুটপাটের কোনো ঘটনা ঘটেনি বলে তারা জানতে পেরেছে।
রাজশাহীতে শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আগুন দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা শামসুল ইসলামের ভাষ্য, তিনটি মোটরসাইকেলে ছয়জন ব্যক্তি এসে এ ঘটনা ঘটান। তাঁদের মধ্যে চারজন বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন। তাঁদের হাতে পিস্তল ছিল বলেও দাবি করেন তিনি।
বাঘা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মুকুল দাবি করেন, বিএনপির কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নন; আওয়ামী লীগের লোকজনই এ ঘটনা ঘটিয়েছেন। আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হকও বিএনপির সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, বাড়ির নিচে সামান্য আগুন লাগানো হয়েছিল। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পাঁচ জেলার এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত হামলাকারীদের রাজনৈতিক পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পুলিশ। ঘটনাগুলোর তদন্ত চলছে।

মন্তব্য