Thursday, November 19, 2026 | Dallas |
| Dallas
the VOICE News
DIPLOMACY, POLITICS, AND POLICY — UP CLOSE
সর্বশেষ

মনোহরদীতে সাবেক আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযান, আটক ২

- ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, মনোহরদী (নরসিংদী)
নরসিংদীর মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মনোহরদী কলেজের সাবেক ভিপি সাক্লাইন জাহাঙ্গীর স্বপনকে গ্রেপ্তারের লক্ষ্যে গভীর রাতে তাঁর বাড়িতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁকে বাড়িতে না পেয়ে পাশের বাড়ি থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, গভীর রাতে হঠাৎ করেই সাক্লাইন জাহাঙ্গীর স্বপনের বাড়ি ঘেরাও করা হয়। তবে অভিযান চলাকালে তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাশের বাড়ির বাসিন্দা মুকুল সরকারের ঘরে তল্লাশি চালান এবং সেখান থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে যান। স্থানীয়দের দাবি, আটককৃত ওই দুই ব্যক্তি কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলের তথ্য অনুযায়ী, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে বহিরাগতদের প্রাধান্য বিস্তারের প্রতিবাদে সাক্লাইন জাহাঙ্গীর স্বপন গত ১০ থেকে ১২ বছর ধরে দলীয় সকল কার্যক্রম থেকে নিষ্ক্রিয় রয়েছেন এবং কোনো সাংগঠনিক পদেও নেই। এছাড়া তাঁর ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে শারীরিকভাবে অসুস্থ এবং গত সপ্তাহেই চোখের অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।
এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, বর্তমান বিএনপি দলীয় সংসদ সদস্য নির্বাচনের পূর্বে জামায়াতের বিরুদ্ধে তাঁকে ভোট দেওয়ার বিনিময়ে সাক্লাইন জাহাঙ্গীর স্বপনসহ স্থানীয়দের আশ্বস্ত করেছিলেন যে, রাজনৈতিক কারণে কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা হবে না। স্থানীয়দের একাংশের মতে, দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ও অসুস্থ একজন ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা এবং পাশের বাড়ি থেকে দুজনকে আটক করার ঘটনাটি অনভিপ্রেত ও উদ্বেগজনক।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য

Scroll to Top