নিজস্ব প্রতিবেদক | ২০ নভেম্বর ২০২৬
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল ও গুরুত্বপূর্ণ স্থাপনা হ্যাঙ্গার গেট ঘিরে নাশকতার পরিকল্পনার তথ্য পেয়েছেন গোয়েন্দারা। আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধনের অপেক্ষায় থাকা থার্ড টার্মিনাল এবং বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ হ্যাঙ্গার গেটকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ তথ্য পাওয়ার পরপরই দুই স্থাপনা ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিমানবন্দরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পোশাকধারী নিরাপত্তাকর্মীদের পাশাপাশি সাদাপোশাকেও ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে। একই সঙ্গে স্থাপনাগুলোতে দায়িত্ব পালনকারী বেসামরিক কর্মীদের ওপরও বাড়ানো হয়েছে নজরদারি।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর আসিফ ইকবাল বলেন, বিমানবন্দরে সব সময়ই নিরাপত্তাব্যবস্থা চালু থাকে। তবে বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। দেশের সব বিমানবন্দরে সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা বজায় রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
গোয়েন্দা সূত্রের বরাতে জানা যায়, দেশজুড়ে একটি গোষ্ঠী বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন থানা ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঘিরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমনকি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথগুলোতেও একাধিকবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সূত্রের দাবি, রাজশাহী বিমানবন্দর ঘিরেও বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল। সেখানে উচ্চক্ষমতাসম্পন্ন দুটি গ্রেনেড পাওয়া যায়। নাশকতাকারীরা পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ না পেয়ে গ্রেনেড দুটি বাইরে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে। যদিও গ্রেনেড দুটি বিমানবন্দরের সীমানার বাইরে পাওয়া গেছে, তবে বিমানবন্দরসংলগ্ন এলাকায় হওয়ায় ঘটনাটি বিমানবন্দরকেন্দ্রিক নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে।
গোয়েন্দাদের ধারণা, দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রচার পাওয়ার লক্ষ্যেই বিমানবন্দরকে নাশকতার সম্ভাব্য লক্ষ্যবস্তু করা হতে পারে। বিশেষ করে থার্ড টার্মিনাল ও হ্যাঙ্গার গেটের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা বেছে নেওয়ার পেছনে কৌশলগত উদ্দেশ্য থাকতে পারে। এ বিষয়ে তথ্য পাওয়ার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কেন লক্ষ্যবস্তু হতে পারে থার্ড টার্মিনাল
গোয়েন্দা সূত্রের মতে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সবচেয়ে আধুনিক ও দৃষ্টিনন্দন স্থাপনাগুলোর একটি থার্ড টার্মিনাল। এটি চালু হওয়া নিয়ে দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি গণমাধ্যমে আলোচনা চলছে। বিপুল ব্যয়ে নির্মিত অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই টার্মিনাল নিয়ে দেশ-বিদেশে ব্যাপক আগ্রহ রয়েছে।
নির্মাণকাজ শেষ হওয়ার পরও দীর্ঘদিন ধরে টার্মিনালটি অব্যবহৃত অবস্থায় রয়েছে। তবে সর্বশেষ ১৬ ডিসেম্বর উদ্বোধন সামনে রেখে প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা শেষ মুহূর্তের কাজ দ্রুত শেষ করছেন।
গোয়েন্দাদের ধারণা, উদ্বোধনের আগেই থার্ড টার্মিনালে নাশকতা চালানো গেলে তা দেশ-বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। আন্তর্জাতিক গণমাধ্যমেও ঘটনাটি গুরুত্ব পেতে পারে। একই সঙ্গে দেশের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি টার্মিনালটির উদ্বোধন পিছিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।
এ ধরনের সম্ভাব্য প্রভাবের কথা বিবেচনায় নিয়ে থার্ড টার্মিনালকে বিশেষ নিরাপত্তার আওতায় আনা হয়েছে। টার্মিনাল এলাকায় পোশাকধারী ও সাদাপোশাকের সদস্যদের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
কেন গুরুত্বপূর্ণ হ্যাঙ্গার গেট
বিমানবন্দরের আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা হ্যাঙ্গার গেট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটটি হ্যাঙ্গার গেট নামে পরিচিত। এটি বিমানবন্দরের হ্যাঙ্গার, কার্গো কমপ্লেক্স এবং সংরক্ষিত ও অপারেশনাল এলাকায় প্রবেশ ও বের হওয়ার অন্যতম প্রধান পথ।
এই গেট দিয়ে বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন করা হয়। বিমানের রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি, খুচরা যন্ত্রাংশ ও কারিগরি সরঞ্জামও এ পথ দিয়ে আনা-নেওয়া করা হয়।
বিমানবন্দরের প্রকৌশলী, টেকনিশিয়ান, গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মী, কাস্টমস কর্মকর্তা এবং জ্বালানি ও ক্যাটারিং সরবরাহকারী বিশেষ যানবাহন এই গেট ব্যবহার করে অপারেশনাল এলাকায় প্রবেশ করে।
এ ছাড়া বিমানবন্দরে দুর্ঘটনা, অগ্নিকাণ্ড বা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দলের যানবাহন দ্রুত প্রবেশের ক্ষেত্রেও গেটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
দেশের বৈদেশিক বাণিজ্যের একটি বড় অংশ আকাশপথে পরিচালিত হয়। বিশেষ করে তৈরি পোশাকশিল্পের কাঁচামাল, জরুরি ওষুধ এবং পচনশীল পণ্য দ্রুত পরিবহন ও খালাসের ক্ষেত্রে বিমানবন্দরের কার্গো কার্যক্রম গুরুত্বপূর্ণ। হ্যাঙ্গার গেট দিয়ে সরাসরি রানওয়ে, হ্যাঙ্গার ও কার্গো এলাকায় যাতায়াতের সুযোগ থাকায় বিমানবন্দরের সামগ্রিক কার্যক্রমের সঙ্গে এর নিবিড় সম্পর্ক রয়েছে।
এ ছাড়া হ্যাঙ্গারে থাকা বিমানের দ্রুত মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম সরবরাহেও গেটটি ব্যবহৃত হয়। এসব কার্যক্রমের সঙ্গে ফ্লাইট পরিচালনার সময়সূচি ও বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমও জড়িত।
গোয়েন্দাদের ধারণা, এ ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতা চালানো গেলে তা সহজেই দেশি-বিদেশি গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করবে। এ কারণে হ্যাঙ্গার গেটকেও সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে।
নিরাপত্তার চাদরে দুই স্থাপনা
গোয়েন্দাদের কাছ থেকে নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। এরপর থার্ড টার্মিনাল ও হ্যাঙ্গার গেট ঘিরে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
বিশেষ করে থার্ড টার্মিনাল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। টার্মিনালসংলগ্ন সড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংশ্লিষ্ট অংশে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে। এ কাজে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও সার্বক্ষণিক পর্যবেক্ষণ চলছে।
পোশাকধারী নিরাপত্তাকর্মীদের পাশাপাশি সাদাপোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করছেন। টার্মিনালের বিভিন্ন কাজে নিয়োজিত বেসামরিক কর্মীদের ওপরও বাড়তি নজরদারি রাখা হচ্ছে।
থার্ড টার্মিনালের পাশাপাশি হ্যাঙ্গার গেট এলাকাতেও একই ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। হ্যাঙ্গার গেট পর্যন্ত যাওয়ার সড়কগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। সেখানে স্থাপন করা হয়েছে এআই প্রযুক্তিসম্পন্ন ক্যামেরাও।
এ ছাড়া বেবিচক সদর দপ্তরের প্রধান ফটক থেকে হ্যাঙ্গার গেট পর্যন্ত সড়কে চলাচলকারীদের তল্লাশি করা হচ্ছে। হ্যাঙ্গার গেট ব্যবহার করে বিমানবন্দরের ভেতরে দায়িত্ব পালন করতে যাওয়া ব্যক্তিদেরও বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে নিরাপত্তাব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।

মন্তব্য