তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রস্তাবের ছয়টি বিষয়ে আপত্তি জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ। পরিবারের সদস্যসংখ্যা, উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা, দারিদ্র্যসীমা ও আবাসন ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন তুলে সংগঠনটি বলেছে, মজুরি নির্ধারণে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের পাশাপাশি শিল্পের উৎপাদন খরচ ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতাও বিবেচনায় নিতে হবে।
বিজিএমইএর দাবি, গত তিন বছরে উৎপাদন ব্যয় ২৫ থেকে ৩০ শতাংশ বেড়েছে। একই সময়ে রফতানি পণ্যের দাম কমেছে ২ দশমিক ৬ শতাংশ, ব্যাংকঋণের সুদের হার বেড়ে ১২ থেকে ১৬ শতাংশে পৌঁছেছে এবং রফতানি প্রণোদনা কমেছে প্রায় ৭০ শতাংশ। এসব চাপের মধ্যে গত তিন বছরে ২৮৭টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। আরও অনেক কারখানা আর্থিক ঝুঁকিতে রয়েছে।
AL Calls Countrywide Shutdown; Security Tightened Amid Fears of December Unrest
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের কাছে পাঠানো এক চিঠিতে এসব আপত্তি ও পর্যবেক্ষণ তুলে ধরেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।
চিঠিতে বলা হয়, গত ১৮ নভেম্বর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে সিপিডি তাদের গবেষণা ও প্রস্তাবনা প্রকাশ করে। এবারের গবেষণা উদ্যোগকে স্বাগত জানালেও তথ্য ও হিসাব পদ্ধতির কয়েকটি বিষয়ে ব্যাখ্যা চেয়েছে বিজিএমইএ।
সংগঠনটির ছয়টি আপত্তির মধ্যে রয়েছে পরিবারের সদস্য ও উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা নির্ধারণের পদ্ধতি, ঢাকা শহরের জীবনযাত্রার ব্যয়কে ভিত্তি ধরে মজুরি নির্ধারণ, আবাসন ব্যয়ের দ্বৈত হিসাবের আশঙ্কা, আগের মজুরি বৃদ্ধির হিসাব বিবেচনায় না নেওয়া, অন্যান্য গ্রেডের মজুরি মূল্যায়নের ঘাটতি এবং শিল্পের উৎপাদন ব্যয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতার বিষয়টি যথাযথভাবে বিবেচনা না করা।
সিপিডি পাঁচটি গবেষণা প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে পোশাকশ্রমিক পরিবারের মধ্যক সদস্যসংখ্যা চারজন এবং উপার্জনক্ষম সদস্য ১ দশমিক ৫৮ জন নির্ধারণ করেছে। বিজিএমইএর মতে, মধ্যকের পরিবর্তে গড় হিসাব ব্যবহার করলে বিভিন্ন গবেষণার তথ্য আরও যথাযথভাবে প্রতিফলিত হতো। সংগঠনটি বলেছে, সিপিডির ২০২৩ সালের নিজস্ব জরিপে একটি পোশাকশ্রমিক পরিবারের গড় সদস্যসংখ্যা ছিল ৩ দশমিক ৭ জন এবং উপার্জনক্ষম সদস্য ছিলেন দুজন। তিন বছরের ব্যবধানে পরিবারের সদস্যসংখ্যা বৃদ্ধি ও উপার্জনক্ষম সদস্য কমে যাওয়ার কারণ জানতে চেয়েছে তারা।
মজুরি নির্ধারণে শুধু ঢাকা শহরের উচ্চ দারিদ্র্যসীমাকে ভিত্তি ধরার বিষয়েও আপত্তি জানিয়েছে বিজিএমইএ। সংগঠনটির মতে, ঢাকা শহর ও গ্রামাঞ্চলের জীবনযাত্রার ব্যয়ের গড় হিসাব বিবেচনায় নেওয়া উচিত। তাদের দাবি, ২০২৫-২৬ অর্থবছরে ঢাকা শহর এলাকার কারখানাগুলো থেকে দেশের মোট পোশাক রফতানির মাত্র ৯ শতাংশ এসেছে। বাকি ৯১ শতাংশ এসেছে অন্যান্য এলাকা থেকে। তাই একটি অঞ্চলের ব্যয়কে ভিত্তি করে পুরো শিল্পের মজুরি নির্ধারণ করা বাস্তবসম্মত নাও হতে পারে।
আবাসন ব্যয়ের হিসাব নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠনটি। বিজিএমইএর বক্তব্য, সিপিডি খাদ্যবহির্ভূত ব্যয়ের হিসাবের সঙ্গে অতিরিক্ত ১০ হাজার টাকা আবাসন ব্যয় যোগ করেছে। অথচ খানা আয় ও ব্যয় জরিপের খাদ্যবহির্ভূত ব্যয়ের মধ্যেই আবাসনসহ অন্যান্য খরচ অন্তর্ভুক্ত রয়েছে। ফলে একই ব্যয় দুইবার গণনার আশঙ্কা রয়েছে বলে মনে করে বিজিএমইএ।
এ ছাড়া ২০২৩ সালের ডিসেম্বরে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির পরবর্তী বার্ষিক ইনক্রিমেন্ট যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে সংগঠনটি। বিশেষ করে ২০২৪ সালে অন্তর্বর্তী সরকার নির্ধারিত ৯ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টের বিষয়টি হিসাবের মধ্যে রাখার দাবি জানিয়েছে তারা। সিপিডির প্রস্তাবে শুধু প্রবেশ পর্যায়ের মজুরি নিয়ে আলোচনা করা হলেও শ্রমিকদের অন্যান্য গ্রেডের মজুরি সম্পর্কে সুস্পষ্ট মূল্যায়ন নেই বলেও আপত্তি জানিয়েছে বিজিএমইএ।
আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রসঙ্গ তুলে বিজিএমইএ জানিয়েছে, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বাংলাদেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়েছে ১৩৬ শতাংশ। একই সময়ে ভারতে ৫৯ শতাংশ, ভিয়েতনামে ৫৪ শতাংশ এবং কম্বোডিয়ায় ৫০ শতাংশ বেড়েছে।
সংগঠনটির মতে, গ্যাস ও বিদ্যুৎ সংকট, বিনিয়োগ কমে যাওয়া, নীতির অস্থিরতা এবং ঋণের উচ্চ সুদ পোশাকশিল্পের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর ইউরোপের বাজারে বিদ্যমান বাণিজ্যসুবিধা হারানোর আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রে অতিরিক্ত ১০ থেকে ২০ শতাংশ শুল্কের চাপ রফতানি খাতের প্রতিযোগিতা সক্ষমতাকে আরও কঠিন পরিস্থিতিতে ফেলতে পারে।
এ অবস্থায় শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পের টেকসই সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার বিষয়টি বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণের আহ্বান জানিয়েছে বিজিএমইএ।
চিঠিতে সিপিডির কাছে উত্থাপিত বিষয়গুলোর ব্যাখ্যা ও মতামত চেয়েছে সংগঠনটি। একই সঙ্গে শ্রমিকদের কল্যাণ এবং পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি সক্ষমতা নিশ্চিত করতে একটি স্বচ্ছ, যৌক্তিক ও তথ্যনির্ভর মজুরি নির্ধারণ কাঠামো তৈরিতে সিপিডির সহযোগিতা কামনা করেছে বিজিএমইএ।

মন্তব্য