Friday, November 20, 2026 | Ashburn |
| Ashburn
the VOICE News
DIPLOMACY, POLITICS, AND POLICY — UP CLOSE
সর্বশেষ

২০-৩০ নভেম্বর দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

- ২০ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

বাংলাদেশ আওয়ামী লীগ আগামী ২০ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। জনতার ক্ষমতায়ন এবং ৮-দফা’ বাস্তবায়নের দাবিতে ঘোষিত এসব কর্মসূচির মধ্যে রয়েছে দোয়া ও প্রার্থনাসভা, বিক্ষোভ মিছিল, মশাল মিছিল এবং ৪৮ ঘণ্টার লকডাউন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দলটির ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

WhatsApp Image 2026-11-20 at 2.14.49 AM

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অসাংবিধানিক ও নাৎসি ইউনূসের পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। দেশে চলছে মাৎস্যন্যায়। এমন বিভীষিকাময় পরিস্থিতিতে দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে আগামী ডিসেম্বরে দেশে আসছেন বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা। তাঁর এই সাহসী সিদ্ধান্ত দিশেহারা মানুষকে আশাবাদী করে তুলেছে। দেশের এই মহাসংকটকালে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী ২০-৩০ নভেম্বর “জনতার ক্ষমতায়ন এবং ৮-দফা” বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী একটানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ দাবি করেছে, বর্তমান সরকার দেশকে সংকটের দিকে নিয়ে গেছে। দলটির ভাষ্য অনুযায়ী, এমন পরিস্থিতিতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন। তাঁর এই সিদ্ধান্ত দেশের মানুষের মধ্যে আশাবাদ তৈরি করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ঢাকায় ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ সংশ্লিষ্ট ১০৮ জন গ্রেপ্তার, নুরুল ইসলাম নাহিদ ও জ্যোতিকা জ্যোতিও রয়েছেন

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২০ নভেম্বর সরকারের দমন-পীড়নে নিহত ও আহতদের স্মরণে দেশের মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় মিলাদ, দোয়া ও বিশেষ প্রার্থনাসভার আয়োজন করা হবে।

২২ নভেম্বর শ্রমিক হত্যা, গোপালগঞ্জের ঘটনা, আওয়ামী লীগ নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ এবং দেশব্যাপী সন্ত্রাস, সহিংসতা ও মবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে দলটি। ২৩ নভেম্বর পোশাকশ্রমিক, অটোরিকশাচালকসহ শ্রমজীবী মানুষের ন্যায্য প্রাপ্য নিশ্চিতের দাবিতে বিক্ষোভের কর্মসূচি রয়েছে।

২৪ নভেম্বর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারের দাম কমানো ও সরবরাহ নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে।

২৫ নভেম্বর শেখ হাসিনা ও অন্যদের বিরুদ্ধে ঘোষিত রায় বাতিল, ট্রাইব্যুনাল বাতিল এবং রাজবন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ করবে আওয়ামী লীগ। পরদিন ২৬ নভেম্বর দলটি ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাতিলের দাবিতে মিছিলের কর্মসূচি রাখা হয়েছে।

এ ছাড়া ২৭ ও ২৮ নভেম্বর ৮ দফা বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী মশাল মিছিল এবং ২৯ ও ৩০ নভেম্বর টানা ৪৮ ঘণ্টার লকডাউন পালনের ঘোষণা দিয়েছে দলটি।

বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের সব শাখা এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের এসব কর্মসূচি সফল করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ৮ দফা দাবি বাস্তবায়নে আন্দোলন গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

বাংলাদেশ আওয়ামী লীগের নামে প্রকাশিত বিজ্ঞপ্তিটির তারিখ ১৯ নভেম্বর ২০২৬।

মন্তব্য

Scroll to Top