ঢাকা : বাংলাদেশের রাজধানী ঢাকার ধানমন্ডিতে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকা থেকে চারজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর সড়কের বাটা শোরুমের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ব্যানারে কয়েকজন নেতাকর্মী সেখানে ঝটিকা মিছিল বের করেন। মিছিল চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করে জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে ককটেল বিস্ফোরণ ঘটান। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। এ সময় একটি ব্যানারও উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ধানমন্ডি এলাকায় মিছিল ও ককটেল বিস্ফোরণের পর পালিয়ে যাওয়ার সময় আরও একজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলটি মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্য সচিব তারেকুজ্জামানের নির্দেশে সাত মসজিদ রোড এলাকা থেকে শুরু হয়। পরে মিছিলটি ধানমন্ডি ইবনে সিনা হাসপাতাল হয়ে বাটা শোরুমের সামনে গিয়ে শেষ হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
আটকদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য