ঢাকা — বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
শনিবার এক বিবৃতিতে আওয়ামী লীগ দাবি করেছে, বর্তমান সরকার ‘অবৈধ ও অসাংবিধানিক ট্রাইব্যুনালের’ মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারপ্রক্রিয়া চালাচ্ছে। দলটি সম্প্রতি দেওয়া একটি রায়কে ‘প্রতিশোধমূলক’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যানের কথা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, বিচারপ্রক্রিয়া বন্ধ করা, ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহার এবং সুশাসন প্রতিষ্ঠার দাবিতে যুবলীগ আগামীকাল, ২০ সেপ্টেম্বর, ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। আওয়ামী লীগ ওই কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করছে।
একই সঙ্গে কর্মসূচি সফল করতে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
যুবলীগ ১৬ সেপ্টেম্বর ২০ সেপ্টেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছিল, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছে।
তবে, বাংলাদেশে আওয়ামী লীগ ও এর সহযোগী, অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সেপ্টেম্বরে ওই নিষেধাজ্ঞার বৈধতা চ্যালেঞ্জ করে করা একটি রিট হাইকোর্ট খারিজ করেন।
ঢাকায় আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে। ১১ সেপ্টেম্বর গুলশানে আওয়ামী লীগের একটি মিছিলকে কেন্দ্র করে ৭২ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল পুলিশ।

মন্তব্য