শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ | Ashburn |
| Ashburn
দ্য ভয়েস নিউজ
কূটনীতি, রাজনীতি ও নীতি — কাছ থেকে
সর্বশেষ

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

- ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। মস্তিষ্কে রক্তক্ষরণের পর লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫৯ বছর।

বৃহস্পতিবার রাতে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে খালিদীকে লন্ডনের সেন্ট বার্থোলোমিউ’স হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার স্থানীয় সময় বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর কিছুদিন আগে তিনি লন্ডনে গিয়েছিলেন। সহকর্মীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়ার পর অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বাংলাদেশে ডিজিটাল সাংবাদিকতার বিকাশে অগ্রণী ভূমিকা রাখা ব্যক্তিদের একজন হিসেবে পরিচিত ছিলেন তৌফিক ইমরোজ খালিদী। দেশের প্রথম দিককার ইন্টারনেটভিত্তিক সংবাদমাধ্যমগুলোর অন্যতম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রতিষ্ঠিত ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করা খালিদীর সাংবাদিকতা জীবন বিস্তৃত ছিল সংবাদপত্র, সম্প্রচারমাধ্যম ও ডিজিটাল সাংবাদিকতায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নেতৃত্বে আসার আগে তিনি বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রে কাজ করেন। দ্য ডেইলি স্টারেও কাজ করেছেন তিনি। এছাড়া লন্ডনে বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি, উন্নয়ন ও পররাষ্ট্রবিষয়ক বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন খালিদী। পরবর্তী সময়ে সংবাদমাধ্যমের সম্পাদকীয় নেতৃত্ব ও ব্যবস্থাপনায় যুক্ত হন।

প্রায় দুই দশক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে নেতৃত্ব দেন তিনি। বাংলাদেশে অনলাইন সাংবাদিকতা যখন বিকাশের প্রাথমিক পর্যায়ে, তখন সংবাদ পরিবেশনের ডিজিটাল ধারাকে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন খালিদী। পরবর্তী সময়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দেশের অন্যতম পরিচিত অনলাইন সংবাদমাধ্যমে পরিণত হয়।

ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালের ডিসেম্বরে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কারে ‘বিশেষ সম্মাননা’ পান তৌফিক ইমরোজ খালিদী।

তার মৃত্যুর খবরে সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোক নেমে আসে।

বাংলাদেশের সংবাদমাধ্যমে বড় ধরনের রূপান্তরের একটি সময়ের সঙ্গে খালিদীর সাংবাদিকতা জীবন জড়িয়ে ছিল। সংবাদপত্র ও সম্প্রচারমাধ্যমের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম যখন দ্রুত সংবাদ ও তথ্য পাওয়ার অন্যতম প্রধান মাধ্যমে পরিণত হচ্ছিল, সেই পরিবর্তনের সময় ডিজিটাল সংবাদমাধ্যমের বিকাশে সক্রিয় ভূমিকা রাখেন তিনি।

তার মরদেহ দেশে আনা, জানাজা ও দাফনের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

মন্তব্য

Scroll to Top