মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | Dhaka |
| Dhaka
দ্য ভয়েস নিউজ
কূটনীতি, রাজনীতি ও নীতি — কাছ থেকে
সর্বশেষ

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ নীল দলের

- ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ ও অন্যান্য যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শন ও সংযোজনের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ‘নীল দল’।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নীল দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক জিনাত হুদা স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়ার বিরোধিতা এবং উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার পক্ষে জিন্নাহর অবস্থান ছিল বাঙালির ভাষা ও সংস্কৃতির প্রতি অবজ্ঞার বহিঃপ্রকাশ। ডাকসু সংগ্রহশালায় তাঁর ছবি সংযোজনের মাধ্যমে এ অঞ্চলের মানুষের আত্মপরিচয় ও শিকড়ের ইতিহাসকে অস্বীকার করা হয়েছে বলে দাবি করে নীল দল।

সংগঠনটি আরও দাবি করে, জিন্নাহ ও অন্যান্য যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিকৃত এবং ইতিহাস পুনর্লিখনের অপচেষ্টা করা হয়েছে। একই সঙ্গে সংগ্রহশালা থেকে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, শহীদদের আত্মত্যাগ, মুক্তিযোদ্ধাদের বীরত্ব এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও আলোকচিত্র অপসারণ করা হয়েছে বলে প্রতিবাদলিপিতে অভিযোগ করা হয়।

নীল দলের মতে, বাংলাদেশের অভ্যুদয় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে নয়; বরং ভাষা আন্দোলন, অসাম্প্রদায়িক বাঙালি জাতিসত্তার বিকাশ এবং দীর্ঘ গণসংগ্রামের ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা হয়েছে।

প্রতিবাদলিপিতে বলা হয়, ইতিহাস নিয়ন্ত্রণ বা তার গতিধারা পরিবর্তন করা যায় না। বিতর্কিত ব্যক্তিদের ছবি সংযোজন এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে সংশ্লিষ্ট ছবি বাদ দেওয়ার মাধ্যমে ইতিহাস বিকৃতির যে প্রচেষ্টা চলছে, তা বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না।

মন্তব্য

Scroll to Top