বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুসের বিরুদ্ধে মিথ্যা তথ্য ব্যবহার করে হয়রানি, অপমান ও ভয় দেখানোর অভিযোগ তুলে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সায়মা ওয়াজেদ পুতুল।
এক বিবৃতিতে তিনি বলেন, তার বিরুদ্ধে আনা কোনো জালিয়াতির অভিযোগই প্রমাণিত হয়নি। তিনি দাবি করেন, চীন সফর না করায় তার বিরুদ্ধে ওঠা সংশ্লিষ্ট অভিযোগেরও ভিত্তি নেই।
সায়মা ওয়াজেদ বলেন, তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগও প্রত্যাহার করা হয়েছে। নিজের শিক্ষাগত যোগ্যতা যাচাই করতে চাইলে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই পেজ দেখার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “এ ধরনের বক্তব্য দেওয়ার আগে আপনার ডব্লিএইচও-এর সঙ্গে তথ্য যাচাই করা উচিত।”
পদত্যাগের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে সায়মা ওয়াজেদ বলেন, তিনি এমন নেতৃত্বে বিশ্বাস করেন না, যারা মিথ্যা ও গুজব ছড়ায়। টেড্রোস তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ব্যবহার করে হয়রানি, অপমান ও ভয় দেখিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
গত এক বছর ধরে আয়হীন অবস্থায় এসব পরিস্থিতি সহ্য করে আসছেন উল্লেখ করে তিনি বলেন, এখন আর তা সহ্য করতে চান না।
তবে ভবিষ্যতে আবার বিশ্বে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সায়মা ওয়াজেদ। তিনি বলেন, মানসিক স্বাস্থ্য, অটিজম এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিয়ে কথা বলা ও তাদের জন্য কাজ করাই সবসময় তার লক্ষ্য ছিল।
“আমি আবার বিশ্বে আমার অবদান রাখতে চাই”—বলে তিনি তার ভবিষ্যৎ কাজের ক্ষেত্রও স্পষ্ট করেন।

মন্তব্য