বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বুধবার বেলা ১১টার দিকে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় অনাকাঙ্ক্ষিত ওই দুর্ঘটনা ঘটে। এতে সৈনিক গানার রিফাত (নং-১০০৮২০১) ও সৈনিক অপারেটর আবু বকর সিদ্দিক (নং-১০০৮০৯৬) নিহত হন।
এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, দুই অকুতোভয় ও দেশপ্রেমিক সেনাসদস্যের প্রাণহানিতে তিনি দেশবাসীর সঙ্গে গভীরভাবে মর্মাহত ও ব্যথিত। তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
দুর্ঘটনায় ক্যাপ্টেন মির্জা মহিউদ্দিন (বিএ-১০৫৮৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শেখ হাসিনা তার দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি বলেন, দেশ ও সেনাবাহিনীর জন্য নিহত দুই সেনাসদস্যের আরও অনেক অবদান রাখার সুযোগ ছিল। দেশের জন্য জীবন দেওয়ার ব্রত নিয়ে সেনাবাহিনীতে যোগ দেওয়া এই দুই প্রতিশ্রুতিশীল সদস্যের অকাল মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।
শেখ হাসিনা আরও বলেন, তাদের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে এবং তা অন্য সেনাসদস্যদের জন্য অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে দেশমাতৃকা রক্ষার শপথকে আরও দৃঢ় করবে। তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

মন্তব্য