বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ | Columbus |
| Columbus
দ্য ভয়েস নিউজ
কূটনীতি, রাজনীতি ও নীতি — কাছ থেকে
সর্বশেষ

বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের বিষয়টি বাংলাদেশিদেরই: যুক্তরাষ্ট্র

- ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

দ্য ভয়েস-এর সম্পাদক দস্তগীর জাহাগীরের এক প্রশ্নের লিখিত জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস অফিস বলেছে, “এসব বিষয় বাংলাদেশিদের নিজেদেরই সিদ্ধান্ত নেওয়ার বিষয়।”

ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশ আওয়ামী লীগ এখনও আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ এবং সংসদের বাইরে রয়েছে—এমন পরিস্থিতিতে দীর্ঘমেয়াদে একটি নির্বাচিত সরকারের গণতান্ত্রিক কার্যকারিতা কতটা টেকসই হতে পারে, সে বিষয়ে প্রশ্ন করা হয়।

প্রশ্নে আরও জানতে চাওয়া হয়, দেশের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দলকে আইনগত রাজনৈতিক অংশগ্রহণের বাইরে রাখার বিষয়টি বিস্তৃতভিত্তিক ও দীর্ঘমেয়াদি রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না—এ বিষয়ে ওয়াশিংটনের অবস্থান কী।

জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তর আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বা সংসদের বাইরে থাকার বিষয়ে সরাসরি কোনো মূল্যায়ন দেয়নি। বরং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনার ওপর গুরুত্ব দিয়েছে।
পররাষ্ট্র দপ্তর বলেছে, “অর্থনীতি, বাণিজ্য, বাণিজ্যিক কার্যক্রম এবং নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।”
একই সঙ্গে দপ্তরটি বলেছে, “বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা আশাবাদী এবং অব্যাহত অংশীদারত্ব ও সংলাপের প্রত্যাশা করছি।”
যুক্তরাষ্ট্রের এই প্রতিক্রিয়ায় বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা ও রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ অংশগ্রহণের বিষয়ে সরাসরি অবস্থান না নিয়ে সিদ্ধান্তের বিষয়টি বাংলাদেশের জনগণ ও সংশ্লিষ্ট রাজনৈতিক প্রক্রিয়ার ওপরই ছেড়ে দেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কের অর্থনৈতিক, বাণিজ্যিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে তাদের আগ্রহের বিষয়টি বেশ স্পষ্ট।

মন্তব্য

Scroll to Top