মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ | Ashburn |
| Ashburn
দ্য ভয়েস নিউজ
কূটনীতি, রাজনীতি ও নীতি — কাছ থেকে
সর্বশেষ

সিরাজগঞ্জে যুবককে যৌন নির্যাতন; ভিডিও করে প্রতারণা

- ০৮ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় এক যুবককে সংঘবদ্ধভাবে যৌন নির্যাতন, সেই ঘটনার ভিডিও ধারণ এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী যুবক।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের নয়াপাড়া রশিদপুর এলাকায়।

ভুক্তভোগী যুবকের নাম মিলন হোসেন। তিনি গত ২৮ সেপ্টেম্বর সলঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে নাম উল্লেখ করা আটজন হলেন নয়াপাড়া রশিদপুর গ্রামের হৃদয় হোসেন, শফি আহমেদ, নাঈম আহমেদ, সিয়াম হোসেন, মনিরুল ইসলাম, কাইয়ুম, তুহিন ও শফিকুল ইসলাম।

থানায় দেওয়া লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিলন হোসেন এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে ওই এলাকায় গিয়েছিলেন।

রাতে স্থানীয় একটি দোকানের কাছে দাঁড়িয়ে থাকার সময় অভিযুক্ত ব্যক্তিরা তাকে কৌশলে পাশের একটি নির্জন বাঁশঝাড়ে নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সেখানে মনিরুল ইসলামসহ কয়েকজন তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক যৌন নির্যাতন করেন বলে অভিযোগ করেছেন মিলন। এ সময় অভিযুক্ত ব্যক্তিদের কয়েকজন মুঠোফোনে নির্যাতনের ভিডিও ধারণ করেন।

অভিযোগ অনুযায়ী, নির্যাতনের সময় মিলনের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

কিন্তু ঘটনার পরও ভুক্তভোগীকে ভয়ভীতি দেখানো বন্ধ হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মিলনের অভিযোগ, পরবর্তী সময়ে অভিযুক্ত ব্যক্তিরা মুঠোফোনের যোগাযোগমাধ্যম ইমোর মাধ্যমে তার এক আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করেন। তারা নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দুই লাখ টাকা দাবি করেন।

দাবি করা টাকা না দিলে ভিডিওটি অনলাইনে প্রকাশ করে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি।

এ ঘটনায় মিলন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করেন। পরে গত ২৮ সেপ্টেম্বর সলঙ্গা থানায় আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দেন।

অভিযোগে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও জানান, অভিযোগকারী যুবকের ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তবে পরীক্ষার প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য জানায়নি পুলিশ।

মন্তব্য

Scroll to Top