রাজধানীর আগারগাঁও ও শেরেবাংলা নগর এলাকায় পোশাক কারখানা, ফুটপাতের ব্যবসায়ী ও অ্যাম্বুলেন্স থেকে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে বিএনপি নেতা মিজানুর রহমান স্বপনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২।
সোমবার (৫ অক্টোবর) তাকে আটকের পর শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়। মিজানুর রহমান স্বপন শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এসআরবি স্বপনকে আটকের পর শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করেছে।
পুলিশ ও এসআরবি-সংশ্লিষ্ট সূত্র জানায়, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় বিভিন্নভাবে চাঁদাবাজির অভিযোগ রয়েছে স্বপনের বিরুদ্ধে।
অভিযোগগুলোর মধ্যে রয়েছে একটি পোশাক কারখানা থেকে চাঁদা আদায় এবং আগারগাঁও নতুন রাস্তা এলাকার ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা নেওয়া।
জাতীয় নিউরোসায়েন্সেস ও হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনার অভিযোগও রয়েছে এই বিএনপি নেতার বিরুদ্ধে।
এ ছাড়া শেরেবাংলা নগর থানার পাশের সমবায় বস্তিতে মাদক কারবারিদের কাছ থেকে মাসিক চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।
আটকের পর স্বপনকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করে এসআরবি-২।
শেরেবাংলা নগর থানার সহকারী উপপরিদর্শক অমৃতা জানান, স্বপন বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে থানায় হস্তান্তরের পরপর তখন পর্যন্ত নতুন কোনো মামলা হয়নি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, স্বপনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য