ঢাকা, ১৫ আগষ্ট – বাংলাদেশের ইতিহাসে ১৫ অগাস্টের হত্যাকাণ্ড ‘অমোচনীয় কলঙ্ক’ হিসেবে থেকে যাবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাসদ। শুক্রবার এক বিবৃতিতে দলটি এ প্রতিক্রিয়া জানায় এবং ১৫ অগাস্ট উপলক্ষে তাদের কর্মসূচি ঘোষণা করে।
বিবৃতিতে বাংলাদেশ জাসদ জানায়, শনিবার বিকাল ৫টায় ঢাকার তোপখানা রোডে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানো হবে।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট সংঘটিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দলটি বলেছে, বাংলাদেশের ইতিহাসে এই বর্বর ঘটনা এক অমোচনীয় কলঙ্ক হয়ে থাকবে। দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও গণতন্ত্র নিশ্চিত করার মাধ্যমেই জাতির এই কলঙ্ক দূর করা সম্ভব বলে মনে করে বাংলাদেশ জাসদ।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর ১৫ অগাস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করা হয় এবং দিনটিতে সরকারি ছুটি চালু করা হয়। পরে ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বাতিল করে।
২০০৮ সালে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাই কোর্ট বিএনপি নেতৃত্বাধীন সরকারের ওই সিদ্ধান্ত বাতিল করে দেয়। এরপর ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি হিসেবে পালিত হয়ে আসছিল।
তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০০৮ সালের হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে লিভ টু আপিল করে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
এর পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ২ ডিসেম্বর তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ হাই কোর্টের রায় স্থগিত করেন। এর ফলে ১৫ অগাস্টের জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বাতিল হয়ে যায়।

মন্তব্য