মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ | New York City |
| New York City
দ্য ভয়েস নিউজ
কূটনীতি, রাজনীতি ও নীতি — কাছ থেকে
সর্বশেষ

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে চড়, মেসিকে জরিমানা

- ২২ আগস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

নিউইয়র্ক: ফিলাডেলফিয়া ইউনিয়নের বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার কুইন সুলিভানকে চড় মারার ঘটনায় ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসিকে জরিমানা করেছে মেজর লিগ সকার (এমএলএস)।

বুধবার ফিলাডেলফিয়ার সুবরু পার্কে ইন্টার মায়ামি ও ফিলাডেলফিয়া ইউনিয়নের ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে ঘটনাটি ঘটে। শুক্রবার এমএলএস ডিসিপ্লিনারি কমিটি মেসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়। তবে জরিমানার অর্থের পরিমাণ প্রকাশ করা হয়নি।

এমএলএস জানিয়েছে, প্রতিপক্ষ খেলোয়াড়ের মুখ, মাথা বা ঘাড়ে হাত দেওয়ার বিষয়ে লিগের যে নীতি রয়েছে, মেসি তা লঙ্ঘন করেছেন।

ম্যাচের ১০১তম মিনিটে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে মেসি ও সুলিভানের মধ্যে কথা-কাটাকাটি হয়। ভিডিওতে দেখা যায়, মেসি সুলিভানের দিকে এগিয়ে গিয়ে খোলা হাতে তার মাথা বা ঘাড়ের পেছনের দিকে আঘাত করেন। এরপর রেফারি ফিলিপ দুজিচ এগিয়ে এসে দুজনকে আলাদা করেন। এ ঘটনায় কাউকেই কার্ড দেখানো হয়নি।

একই ম্যাচে সুলিভানের সঙ্গে পৃথক এক ঘটনায় ইন্টার মায়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রেকেও জরিমানা করা হয়েছে। সুলিভান বল নিয়ে পেনাল্টি এলাকার দিকে এগোনোর সময় পড়ে গেলে ফ্রে তাকে মাথা ও ঘাড়ের কাছে ধরে ফেলেন।

বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভান

২২ বছর বয়সী কুইন সুলিভান ফিলাডেলফিয়া ইউনিয়নের মিডফিল্ডার। মায়ের দিক থেকে তার বাংলাদেশি ও জার্মান বংশপরিচয় রয়েছে।

তার ছোট ভাই ক্যাভান সুলিভানও ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলেন এবং যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলার হিসেবে বিবেচিত।

একই ম্যাচের শেষ দিকে সংঘর্ষের ঘটনায় ক্যাভান সুলিভানকে লাল কার্ড দেখানো হয়েছিল। পরে একটি স্বাধীন পর্যালোচনা প্যানেল তার এক ম্যাচের নিষেধাজ্ঞা ও জরিমানা প্রত্যাহার করে নেয়।

কুইনের আরেক ছোট ভাই রোনান সুলিভান বাংলাদেশের বয়সভিত্তিক জাতীয় দলের হয়েও খেলেছেন।

ম্যাচের শেষ দিকে উত্তেজনা

ম্যাচের অতিরিক্ত সময়ে উত্তেজনা বাড়তে থাকে।

একপর্যায়ে সুলিভানের সঙ্গে ইয়ান ফ্রের সংঘর্ষের পর ইন্টার মায়ামির পেনাল্টি এলাকায় বড় ধরনের ধাক্কাধাক্কি শুরু হয়। ওই ঘটনায় ক্যাভান সুলিভান ও মায়ামির মিডফিল্ডার ইয়ানিক ব্রাইটকে লাল কার্ড দেখানো হয়।

এর কিছুক্ষণ পরই কুইন সুলিভানের সঙ্গে মেসির ওই ঘটনা ঘটে।

শাস্তিমূলক ঘটনা সত্ত্বেও ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি। তিনি একটি গোল করেন এবং আরেকটি গোলে সহায়তা করেন। শেষ পর্যন্ত ইন্টার মায়ামি ২-২ গোলে ড্র করে।

এটি এমএলএসে মেসির বিরুদ্ধে প্রথম শাস্তিমূলক ব্যবস্থা নয়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতেও নিউইয়র্ক সিটি এফসির এক সহকারী কোচকে ঘাড়ের পেছনে ধরে ফেলার ঘটনায় তাকে জরিমানা করা হয়েছিল।

মন্তব্য

Scroll to Top