Friday, November 27, 2026 | Columbus |
| Columbus
the VOICE News
DIPLOMACY, POLITICS, AND POLICY — UP CLOSE
সর্বশেষ

১৬ ডিসেম্বর দেশে ফেরার অঙ্গীকার পুনর্ব্যক্ত শেখ হাসিনার

- ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ব্যাপারে তাঁর দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ওই দিন সম্ভব না হলে ডিসেম্বরের অন্য কোন দিনেও ফিরতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

গত ২৪ নভেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত “বাংলাদেশের ভবিষ্যৎ: গণতন্ত্র, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতি” শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।

তাঁর পাসপোর্ট ও পরিচয়পত্রের কার্যকারিতা স্থগিত করা হয়েছে উল্লেখ করে এক মার্কিন সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ হাসিনা আরও জানান, দেশে ফেরার বিষয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে তিনি এখন পর্যন্ত কোন জবাব পাননি।

তাঁর দেশে ফেরার জন্য সরকারকে বিমান পাঠানোর অনুরোধ করেছেন বলেও তিনি জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং দলমত নির্বিশেষে সবার রাজনৈতিক অধিকার নিশ্চিত করার আহবান জানান।

একই সাথে তিনি সকল রাজবন্দিদের মুক্তি, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের সুষ্ঠু বিচার এবং জাতীয় পুনর্মিলনের ওপর জোর দেন।

Thousands Protest Against Proposed Division of Sindh, Chant ‘Free Sindhudesh’ Slogans

তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলন তাঁর সরকারকে উৎখাতের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে পরিচালিত হয়েছিল এবং পরবর্তী সময়ে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে।

ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড সাসটেইনেবিলিটি (ICDHRS) এবং ‘দ্য নেক্সট থিঙ্কার্স’ (TNT)-এর যৌথ উদ্যোগে নিউইয়র্কের চার্চ সেন্টার ফর দ্য ইউনাইটেড নেশনসে (৭৭৭ ইউনাইটেড নেশনস প্লাজা) এই হাইব্রিড সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন ICDHRS-এর বোর্ড চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, বিজ্ঞানী ও লেখক ড. নূরুন নবী।

সেমিনারে কূটনীতিক, জ্যেষ্ঠ বেসামরিক কর্মকর্তা,আইনপ্রণেতা, নীতি গবেষক, সাংবাদিক ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আলোচনায় ২০২৪ সালের আগস্ট-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, সাংবিধানিক শাসন ও মানবাধিকার সুরক্ষার বিষয়গুলো উঠে আসে।

সেমিনারে মূল বক্তব্য দেন মিডলইস্ট ফোরামের নীতি বিশ্লেষণ পরিচালক ও আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ড. মাইকেল রুবিন।

তিনি তাঁর বক্তব্যে অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান, বিচার বিভাগের স্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতির গুরুতর অবনতি হয়েছে।

আওয়ামী লীগকে বাদ দিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনকে তিনি একতরফা বলে অভিহিত করেন। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় ও রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের ওপর হামলার অভিযোগ তুলে ধরে তিনি অর্থনীতি, তৈরি পোশাক খাত ও কর্মসংস্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

চলমান অস্থিরতার আঞ্চলিক নিরাপত্তা প্রভাব নিয়ে সতর্ক করে রুবিন বিশ্ব নেতৃবৃন্দ ও জাতিসংঘকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সেমিনারে তিনি চারটি দাবি তুলে ধরেন। এগুলো হচ্ছে:

১. সব রাজনৈতিক দলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার।

২. রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি যেসব মামলা উল্লেখ করেন, সেগুলো প্রত্যাহার।

৩. বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা এবং তাঁর ভাষায় ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বাতিল।

৪. দেশে ফেরার ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করা।

রুবিন বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা প্রত্যাবর্তনকারীদের কার কোন এক চুল ক্ষতি হলে দায় বাংলাদেশ সরকার এবং বর্তমান সরকার প্রধান জনাব তারেক রহমানের।

বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘে নিযুক্ত সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন গণতান্ত্রিক বৈধতা পুনরুদ্ধারের কূটনৈতিক ও সাংবিধানিক গুরুত্ব তুলে ধরেন।

মৌলিক অধিকার ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা রক্ষায় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সম্পৃক্ততার ওপর জোর দেন।

বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে. টমাস জুনিয়র বাংলাদেশে রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু হিসেবে দেখার সংস্কৃতির অবসান কামনা করেন।

তিনি দলমত নির্বিশেষে সবার রাজনৈতিক অধিকার এবং সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপের ওপর গুরুত্বারোপ করেন। এ যাত্রায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলেও তিনি জানান।

মার্কিন এই সাবেক কূটনীতিক বলেন, শ্রম অধিকার ও কর্মক্ষেত্রের নিরাপত্তায় সংস্কারের ফলে মার্কিন উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসির মাধ্যমে বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে।

বিদ্যুৎকেন্দ্র সচল রাখতে গ্যাসের ঘাটতি মোকাবিলায় তিনি মার্কিন বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার ওপর জোর দেন।

রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের সাবেক আইনপ্রণেতা ও মার্কিন নৌবাহিনীর সাবেক চ্যাপলিন রেভারেন্ড ড. রবার্ট ল্যান্সিয়া বাংলাদেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সাহসী নেতৃত্বের প্রয়োজন।

দেশে ফিরে জনগণের সেবা করার ইচ্ছা প্রকাশ করায় তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসের প্রশংসা করেন।

শান্তি প্রতিষ্ঠায় গণতন্ত্র, মানবাধিকার, অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক অংশগ্রহণ ও আইনের শাসনের ওপর জোর দিয়ে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের নাগরিকরা নির্ভয়ে মত প্রকাশ করতে ও ভোট দিতে পারবেন এবং সাংবাদিকরা নিরাপদে কাজ করতে পারবেন।

বিশ্বব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস সাংবিধানিক শাসন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, ২০০৭–২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের মতো ২০২৪ সালের অন্তর্বর্তী সরকারও সাংবিধানিক সীমা লঙ্ঘন করেছে।

তিনি সংখ্যালঘুদের ওপর হামলা, শিক্ষক ও সরকারি কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িসহ মুক্তিযুদ্ধের সকল স্মৃতি ও সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসের অভিযোগ তুলে ধরেন।

আওয়ামী লীগ ও তার বিপুলসংখ্যক সমর্থককে বাদ দিয়ে অনুষ্ঠিত কোন নির্বাচন পূর্ণ গণতান্ত্রিক ম্যান্ডেটের দাবি করতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।

সেমিনারে সভাপতির বক্তব্যে ড. নূরুন নবী মব সন্ত্রাসসহ দেশে চলমান সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতার নিন্দা জানান। ২০২৪ সালের আগস্ট-পরবর্তী পরিস্থিতিকে ‘মব শাসন’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, আইনহীনতা দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে।

এরপর ICDHRS মহাসচিব এম. জাহাঙ্গীর মজুমদার থ্যাংকসগিভিং ছুটির ব্যস্ত সপ্তাহেও সেমিনারে অংশগ্রহণ ও সমর্থনের জন্য অতিথি, সাংবাদিক, কূটনীতিক ও উপস্থিত সুধীবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।

সেমিনারে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মো. আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা-বিজ্ঞানী জিনাত নবী, সাপ্তাহিক জাগো প্রহরী সম্পাদক ড. মাহাব্বুর রহমান টুকু, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, বঙ্গবন্ধু পরিষদ, নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতি সাখাওয়াত আলী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মো. কাদের মিয়া, আওয়ামী লীগ নেতা জাকারিয়া চৌধুরী, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, ভাইস প্রেসিডেন্ট আলিম খান আকাশ, মূলধারার রাজনীতিক জুনায়েদ আকতার, সমাজকর্মী ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক, সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির সভাপতি মো. জাফরউল্লাহ প্রমুখ।

মন্তব্য

Scroll to Top