Tuesday, November 24, 2026 | Ashburn |
| Ashburn
the VOICE News
DIPLOMACY, POLITICS, AND POLICY — UP CLOSE
সর্বশেষ

মারধরের পর সাংবাদিককে পুলিশের হাতে তুলে দিলেন এনসিপি সদস্যরা, সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার

- ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

যশোরের কেশবপুরে সাংবাদিক আবদুল্লাহ আল মামুন (২৫) ওরফে স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহকে মারধরের পর পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যদের বিরুদ্ধে। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রবিবার (২২ নভেম্বর) দুপুরে কেশবপুর পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে তাকে গ্রেফতার দেখানোর পর বিকালে যশোর আদালতে পাঠানো হয়। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

Security Tightened Along Benapole Border Amid Rumours of Sheikh Hasina’s Possible Return

আবদুল্লাহ আল মামুন যশোর থেকে প্রকাশিত দৈনিক সত্যপাঠের নিজস্ব প্রতিবেদক এবং মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি। তিনি যশোর সাংবাদিক ইউনিয়নের সদস্য। তার বাড়ি কেশবপুর উপজেলার ঝিকরা গ্রামে। তার বাবার নাম সোলায়মান হোসেন।

পরিবারের অভিযোগ, রবিবার দুপুরে যশোর শহর থেকে বাড়ি ফেরার পথে কেশবপুর পৌরসভা এলাকায় পৌঁছালে এনসিপির সদস্যরা তাকে আটক করে মারধর করেন। পরে বিকালে তাকে কেশবপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কেশবপুর উপজেলা এনসিপির আহ্বায়ক সম্রাট হোসেন বলেন, আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। পাশাপাশি তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে এবং বর্তমান বিএনপি সরকারের বিপক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেন। এসব অভিযোগের ভিত্তিতে এনসিপির সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে দেন।

মারধরের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সম্রাট হোসেন বলেন, যারা তাকে আটক করেছেন, তারা দু-একটি চড়থাপ্পড় দিয়েছেন বলে তিনি শুনেছেন।

অন্যদিকে, ছেলের মুক্তি দাবি করে আবদুল্লাহ আল মামুনের বাবা সোলায়মান হোসেন বলেন, তার ছেলে কোনো অন্যায় করেননি। তারপরও তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রসংগঠনের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সোমবার সকালে সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিকালে আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে, সাংবাদিক আবদুল্লাহ আল মামুনকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যশোর সাংবাদিক ইউনিয়ন। সোমবার রাতে সংগঠনটির সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ সদস্যদের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবদুল্লাহ আল মামুন সংগঠনটির সদস্য। রবিবার বিকালে কেশবপুরে ‘মব’ সৃষ্টি করে তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে সাংবাদিক আবদুল্লাহ আল মামুনের মুক্তি দাবি করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন।

মন্তব্য

Scroll to Top