‘বিশ্বজুড়ে বাংলা বই’ প্রতিপাদ্যে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বেথেসডায় ২৬ ও ২৭ জুন দুই দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে বাংলা কেন্দ্র। প্রবাসী বাংলা ভাষাভাষীদের মধ্যে সাহিত্যচর্চা এবং সাংস্কৃতিক সংযোগ আরও জোরদার করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন বাংলাদেশি-সুইডিশ লেখক, নারীবাদী ও মানবাধিকারকর্মী তসলিমা নাসরিন। ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে তিনি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মেলা প্রাঙ্গণে মেরিল্যান্ড, ভার্জিনিয়া ও ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা প্রবাসী বাঙালি ও বইপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজক প্রতিষ্ঠান বাংলা কেন্দ্র জানায়, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে পৌঁছে দেওয়াই এ বইমেলার প্রধান উদ্দেশ্য। দুই দিনব্যাপী এ আয়োজনে বই বিক্রির পাশাপাশি লেখক-পাঠক আড্ডা, বই পরিচিতি এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
এদিকে, বাংলা সাহিত্য ও সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বিশিষ্ট লেখক নূরজাহান বোসকে ডিসি বইমেলা সাহিত্য পুরস্কার ও আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ কয়েক দশক ধরে সাহিত্যচর্চা, আত্মজীবনীমূলক লেখালেখি এবং নারীর ক্ষমতায়নে তাঁর ভূমিকার জন্য এ সম্মাননা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী, পাঠক ও প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে নূরজাহান বোসের সাহিত্যিক অবদানের নানা দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, তাঁর লেখনী কেবল ব্যক্তিজীবনের অভিজ্ঞতাই নয়, সমাজের পরিবর্তন ও নারীর সংগ্রামের প্রতিচ্ছবি হিসেবেও গুরুত্বপূর্ণ।
নূরজাহান বোস এর আগে বাংলা সাহিত্যে অবদানের জন্য বিভিন্ন সম্মাননা পেয়েছেন। ২০১৬ সালে তিনি আত্মজীবনী বিভাগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন। তাঁর এই নতুন স্বীকৃতি বাংলা সাহিত্যাঙ্গনে আরও অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

