বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক পদ থেকে দেশের খ্যাতিমান মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহকে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে ওই পদের বিপরীতে উত্তোলিত সব বেতন-ভাতা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাম ২০২৪ সালের ৫ আগস্ট পরিবর্তন করে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করা হয়।
বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। অফিস আদেশে বলা হয়, ২০২৪ সালের ২০ জুন সিন্ডিকেটের ৯২তম বাজেট সভায় ‘ইমেরিটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ’ সংশোধনের মাধ্যমে তাকে আজীবন মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছিল, যা এখন বাতিল করা হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় ডা. আবদুল্লাহ বলেন, “এটি একটি সম্মানজনক পদ, যা পাঁচটি ধাপ পেরিয়ে অনুমোদিত হয়েছিল। আজ তা বাতিল করা হয়েছে। এটি জেদের বশে করা হয়েছে।” তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার সঙ্গে অন্যায় করেছে। আমি রাজনৈতিকভাবে কোথাও জড়িত নই। শেখ হাসিনার চিকিৎসা করলেই কি আমি খারাপ হয়ে গেলাম?”
বাংলাদেশের চিকিৎসা অঙ্গনে ডা. আবদুল্লাহ দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে চিকিৎসাসেবা, মেডিকেল শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। ২০১৬ সালে চিকিৎসাবিজ্ঞান ও গবেষণায় অবদানের জন্য তিনি একুশে পদক লাভ করেন। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস, যুক্তরাজ্য থেকে এমআরসিপি এবং রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানস অব এডিনবরো থেকে এফআরসিপি অর্জন করেন।
চিকিৎসা শিক্ষায় তাঁর অবদানও উল্লেখযোগ্য। তাঁর লেখা Short Cases in Clinical Medicine, Long Cases in Clinical Medicine এবং ECG in Medical Practice বইগুলো মেডিকেল শিক্ষার্থীদের কাছে বহুল ব্যবহৃত। পাশাপাশি জাতীয় পত্রিকায় ৩০০-র বেশি স্বাস্থ্যবিষয়ক কলাম লিখেছেন।
আন্তর্জাতিক পর্যায়েও রয়েছে তাঁর স্বীকৃতি। চিকিৎসা শিক্ষার্থীদের কাছে ‘মেডিসিনের বাইবেল’ হিসেবে পরিচিত Davidson’s Principles and Practice of Medicine–এর ২৪তম সংস্করণ এবং Kumar and Clark’s Clinical Medicine–এর International Advisory Board-এ দায়িত্ব পালন করছেন তিনি।
বর্তমানে এই দুটি বিশ্বখ্যাত মেডিকেল গ্রন্থের আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ডে একযোগে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ থেকে একমাত্র চিকিৎসক ডা. এ বি এম আবদুল্লাহ। তাঁর রচিত ও সম্পাদিত বহু গ্রন্থ বিশ্বের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান Elsevier (London) ও Jaypee Brothers (New Delhi) থেকে প্রকাশিত হয়েছে।
চিকিৎসা শিক্ষার্থীদের জন্য তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে— Short Cases in Clinical Medicine, Long Cases in Clinical Medicine, ECG in Medical Practice, Case History and Data Interpretation in Medical Practice, Radiology in Medical Practice, Practical Manual in Clinical Medicine, Practical Standard Prescriber, স্বাস্থ্য বিষয়ক নির্বাচিত কলাম, একাত্তরের স্বাধীনতা হঠাৎ করে আনেনি, Medicine Update (সম্পাদিত গ্রন্থ) এবং Clinical Medicine Series-এর বিভিন্ন সংস্করণ।
প্রশাসনিক সিদ্ধান্তে পদ হারালেও চিকিৎসা, শিক্ষা ও গবেষণায় তাঁর অবদান দেশের স্বাস্থ্যখাতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

