রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় আজ ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দলটির ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে এসব কর্মসূচিকে রাজনৈতিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে দেখা হচ্ছে।
সকালে রাজধানীর মোহাম্মদপুর কলেজ গেট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একটি মিছিল বের হয়। আকস্মিকভাবে বের হওয়া এই মিছিল ছত্রভঙ্গ করতে অভিযান চালায় পুলিশ। এ সময় অন্তত ১০ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
একই সময়ে গাজীপুরে যুবলীগের ব্যানারে আরেকটি মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে সরকারবিরোধী স্লোগানের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে হুঁশিয়ারিমূলক বক্তব্য দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, সাম্প্রতিক কয়েক সপ্তাহে ঢাকার বিভিন্ন এলাকা, সিলেট ও চট্টগ্রামেও আওয়ামী লীগের আকস্মিক মিছিলের ঘটনা ঘটেছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক চাপে থাকা দলটি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজেদের সাংগঠনিক সক্ষমতা ও মাঠের উপস্থিতি জানান দিতে চাইছে। তবে সরকারের কঠোর অবস্থানের কারণে এসব কর্মসূচি বড় আকার ধারণ করতে পারছে না।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যেকোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীলতা ঠেকাতে সতর্ক অবস্থানে থাকার কথা জানানো হয়েছে।

