হাসনাত আবদুল্লাহকে ঘিরে পূর্ব লন্ডনে উত্তেজনা, ব্যাপক পুলিশ মোতায়েন

লন্ডন, ১৬ জুন — জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর অংশগ্রহণে আয়োজিত একটি সভাকে কেন্দ্র করে সোমবার পূর্ব লন্ডনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সভাস্থলের বাইরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ, বাগ্‌বিতণ্ডা এবং হাতাহাতির ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। কয়েকজনকে আটক করতেও দেখা গেছে।

ইস্ট লন্ডন মসজিদ–সংলগ্ন মায়েদা গ্রিল রেস্টুরেন্টে এনসিপি ইউকে অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল হাসনাত আবদুল্লাহর। তবে অনুষ্ঠানকে ঘিরে বিকেল থেকেই এলাকায় উত্তেজনা বাড়তে থাকে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিকেল থেকে রেস্তোরাঁর সামনে এনসিপি ও আওয়ামী লীগ সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রেস্তোরাঁ ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করে।

উদ্ভূত পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠানস্থলে পৌঁছান। তিনি সেখানে বক্তব্য দেওয়ার পর পুলিশি নিরাপত্তার মধ্যেই স্থান ত্যাগ করেন।

সভাস্থলের বাইরে উত্তেজনার সময় কয়েকজনকে আটক করতে দেখা যায়।

এলেম পার্কে প্রথম দফা উত্তেজনা

মায়েদা গ্রিলের সামনে উত্তেজনার আগে বিকেল সাড়ে চারটার দিকে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকার এলেম পার্কে আরেকটি ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ ও তাঁর কয়েকজন সহযোগী পার্ক এলাকায় হাঁটার সময় কয়েকজন ব্যক্তি তাঁদের অনুসরণ করতে থাকেন এবং বিভিন্ন মন্তব্য করেন।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাসনাত আবদুল্লাহ পাশের একটি রেস্তোরাঁয় আশ্রয় নেন। এ সময় তাঁর সঙ্গে থাকা কয়েকজনের দিকে ডিম নিক্ষেপ করা হয়।

ভিডিওতে দেখা যায়, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হকের গায়ে একটি ডিম লাগে। পরে তাঁর সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীমের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

উপস্থিত ব্যক্তিরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে পরে এনসিপির আরেক সমর্থকের সঙ্গে শাহ শামীমের নতুন করে উত্তেজনা সৃষ্টি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আওয়ামী লীগের বিরুদ্ধে উসকানির অভিযোগ

ঘটনার পর এক বিবৃতিতে এনসিপি ইউকে অ্যালায়েন্স অভিযোগ করে, হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হকের সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কিছু কর্মী পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন।

সংগঠনটি ঘটনাকে ‘কাপুরুষোচিত উসকানি’ বলে উল্লেখ করে দাবি করে, আওয়ামী লীগের একটি অংশ এখনো ভীতি প্রদর্শন ও অসহিষ্ণুতার রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি।

বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক মতভেদ থাকলেও গণতান্ত্রিক পরিবেশে মত প্রকাশের অধিকার সবার থাকা উচিত। কিন্তু কিছু ব্যক্তি সেই পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছেন।

কর্মসূচির অভিযোগ অস্বীকার আওয়ামী লীগের

অন্যদিকে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, হাসনাত আবদুল্লাহর লন্ডন সফরকে কেন্দ্র করে যুক্তরাজ্য আওয়ামী লীগ কোনো কর্মসূচি দেয়নি।

তিনি সাংবাদিকদের বলেন, “হাসনাত আবদুল্লাহকে কেন্দ্র করে যুক্তরাজ্য আওয়ামী লীগের কোনো কর্মসূচি ছিল না। তবে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙার ঘটনায় ক্ষুব্ধ ছাত্র ও তরুণদের কেউ কেউ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ জানিয়ে থাকতে পারেন।”

প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও রাজনৈতিক বিভাজন

সোমবারের ঘটনা আবারও স্পষ্ট করে দিয়েছে যে বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ এখন দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসী বাংলাদেশি সমাজেও গভীর প্রভাব ফেলছে।

২০২৪ সালের সন্ত্রাস-নির্ভর আন্দোলন রাজনৈতিক পটপরিবর্তনের পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামের সহযোগী নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। সেই দলের অন্যতম বিতর্কিত নেতা হিসেবে উঠে আসেন হাসনাত আবদুল্লাহ।

তাঁর রাজনৈতিক অবস্থান এবং এনসিপির ভূমিকা নিয়ে দেশে-বিদেশে বিতর্ক রয়েছে। সমালোচকদের মতে, উগ্রবাদী রাজনৈতিক প্রক্রিয়া দেশের বৃহৎ একটি জনগোষ্ঠীকে প্রান্তিক করে ফেলেছে এবং গণতান্ত্রিক অংশগ্রহণের ক্ষেত্র সংকুচিত করেছে।

লন্ডনের ঘটনাও সেই বৃহত্তর রাজনৈতিক বিভাজনেরই প্রতিফলন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

সোমবার কয়েক ঘণ্টার জন্য পূর্ব লন্ডনের একটি এলাকা কার্যত বাংলাদেশের রাজনৈতিক বিরোধের প্রতিচ্ছবিতে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শেষ পর্যন্ত পুলিশকে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে হয়।

ঘটনার পরও দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ অব্যাহত রয়েছে। তবে পুলিশি হস্তক্ষেপের কারণে বড় ধরনের কোনো সহিংসতা ঘটেনি বলে জানা গেছে।

spot_img