সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দাবি করেছেন, তাঁর সরকারের সময়ে দেশের প্রতিটি খাত সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে পরিচালিত হচ্ছিল। বিশাল অঙ্কের বাজেট রেখে যাওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি অভিযোগ করেন, বর্তমান কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও ব্যর্থতার কারণে আজ বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ পড়ে আছে এবং দেশ অন্ধকারে নিমজ্জিত হয়েছে।
সম্প্রতি দেওয়া এক বক্তব্যে দেশের চলমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করে এসব কথা বলেন তিনি।
বর্তমান পরিস্থিতির সঙ্গে নিজের সরকারের আমলের তুলনা করে শেখ হাসিনা বলেন, “আমি ৭ লক্ষ ৯৭ হাজার কোটি টাকার বাজেট দিয়ে গেলাম, দেশের প্রত্যেকটা জিনিস সিস্টেমেটিক ছিল। স্বাস্থ্য, পুষ্টি, টিকা—সব সময়মতো দিয়েছি। আর আজকে সেই দেশ অন্ধকারে নিমজ্জিত, বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ পড়ে আছে।”
সাবেক এই প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে স্বাস্থ্য খাতের বর্তমান সংকটের কথা তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, তাঁর সরকারের সময়ে শিশুদের টিকাদানের হার ৯৪ শতাংশ থাকলেও বর্তমান প্রশাসনের আমলে তা ৫৬ শতাংশে নেমে এসেছে। টিকার জন্য বরাদ্দকৃত বিপুল পরিমাণ অর্থ কোথায় গেল—সেই প্রশ্ন তুলে তিনি শিশু মৃত্যুর জন্য ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরাসরি দায়ী করেন।
বিদ্যুৎ খাতের সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, তাঁর সরকার যেখানে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে সারা দেশকে বিশ্ব দরবারে আলোকিত করেছিল, সেখানে বর্তমান কর্তৃপক্ষ বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ রেখে মানুষের জীবনকে অন্ধকারে ঠেলে দিয়েছে।
বক্তব্যে তিনি কৃষিখাতের চরম দুরবস্থার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, তাঁর আমলে ১ কোটি ৬২ লাখ প্রকৃত কৃষকের হাতে কৃষি কার্ড ও সার পৌঁছে দেওয়া হয়েছিল। অথচ এখন অর্থশালীদের ভুয়া কৃষক সাজিয়ে কৃষি কার্ড দেওয়া হচ্ছে। সারের অভাবে কৃষকের হাহাকার এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পাওয়ার পেছনে বর্তমান প্রশাসনের চরম ব্যর্থতা রয়েছে বলে মন্তব্য করেন সাবেক এই প্রধানমন্ত্রী।

