সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন

বিতর্কিত মামলায় গ্রেপ্তার দেখানোর পাঁচ দিনের মাথায় শির্ষস্থানীয় এই রাজনীতিবিদের কারামুক্তিতে নতুন হিসাব নিকাশ শুরু; গ্রেপ্তারকৃত সকল নিরাপরাধ ব্যক্তির মুক্তি দাবি

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পাঁচ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ গণমাধ্যমকে বলেন, “রোববার সন্ধ্যায় আদালতের নির্দেশ অনুযায়ী তাকে মুক্তি দেওয়া হয়েছে।” একইসঙ্গে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার জানান, “প্রক্রিয়া সম্পন্ন করে তাকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

গত ৭ এপ্রিল ভোরে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওইদিন আদালতে তার দুই দিনের রিমান্ড আবেদন করে পুলিশ, অন্যদিকে তার আইনজীবীরা জামিনের আবেদন জানান। আদালত উভয় আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর পাঁচদিন পর গতকাল তাকে জামিন দেওয়া হয়।

জুলাই আন্দোলনের মামলায় জড়িত করার প্রেক্ষাপট

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই আজিমপুর এলাকায় আন্দোলনের সময় হামলার ঘটনায় আশরাফুল ওরফে ফাহিম নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তার চোখে গুলি লাগে বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে তিনি মামলা করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ প্রায় ১৩০ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দায়ের হওয়া এসব মামলায় একসঙ্গে বিপুল সংখ্যক ব্যক্তিকে আসামি করা এবং দীর্ঘ সময় পর মামলা হওয়া—বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে।

বর্তমান পরিস্থিতিতে শিরীন শারমিন চৌধুরীকে অনাকাঙ্খিত মামলায় গ্রেপ্তারের পর দ্রুত জামিন হওয়া ইতিবাচক হিসেবে বর্ণনা করে বিশ্লেষকরা বলছেন দেশের বিচারব্যবস্থা, প্রশাসনিক নিরপেক্ষতা এবং রাজনৈতিক পরিবেশ স্বাভাবিক করতে হলে সকল বিতর্কিত মামলা বাতিল করে নিরাপরাধ বন্দিদের মুক্তি দেওয়া জরুরি। বিশেষজ্ঞরা মনে করছেন, এসব ঘটনায় স্বচ্ছ তদন্ত ও আইনি প্রক্রিয়া নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও জটিলতা তৈরি হতে পারে।

পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় আইনি চাপের অভিযোগ

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পরদিন রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এই পরিবর্তনের পর থেকেই আওয়ামী লীগ সংশ্লিষ্ট অনেক নেতা-কর্মী ও বিশিষ্টজনদের বিরুদ্ধে আজগুবি মামলা, গ্রেপ্তার এবং রহস্যজনক বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপের ঘটনা বাড়তে থাকে।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এক বিবৃতিতে জানিয়েছিল, “সহিংসতার ধরণ এবং জবাবদিহিতার অভাব উদ্বেগজনক, বিশেষ করে যখন রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে লক্ষ্যবস্তু করার অভিযোগ ওঠে।” ঢাকায় এক আলোচনায় সংস্থাটির প্রতিনিধিরা এই মন্তব্য করেন।

পর্যবেক্ষকদের মতে, শিরীন শারমিনের বিরুদ্ধে আনা মামলার ধরন, গ্রেপ্তারের সময়কাল এবং পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ—সব মিলিয়ে পুরো প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের প্রেক্ষাপট

ড. শিরীন শারমিন চৌধুরী ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রবেশ করেন। পরে তিনি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে তিনি বাংলাদেশের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘ সময় ধরে সংসদের কার্যক্রম পরিচালনা করেন।

সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে গেলেও নতুন স্পিকার শপথ নেওয়ার আগ পর্যন্ত দায়িত্বে থাকার বিধান রয়েছে। তবে সেই সময় পর্যন্ত অপেক্ষা না করে তিনি ২০২৪ সালের ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন।

আইনের শাসন ও ন্যায়বিচার নিয়ে প্রশ্ন

আইন বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিকভাবে সংবেদনশীল মামলাগুলোতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ঢাকায় এক সেমিনারে একজন জ্যেষ্ঠ আইনজীবী বলেন, “ন্যায়বিচার শুধু হওয়াই যথেষ্ট নয়, সেটি দৃশ্যমান হওয়াও প্রয়োজন। অন্যথায় মানুষের আস্থা ক্ষুণ্ণ হয়।”

বিশ্লেষকদের মতে, বিতর্কিত মামলা, অহেতুক গ্রেপ্তার এবং অস্পষ্ট প্রশাসনিক পদক্ষেপের অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত না হলে আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থার প্রতি জনআস্থা আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।

spot_img
spot_img

Hot Topics

Related Articles