কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন শরিফ অবমাননার অভিযোগ এনে একটি দরবার বা আস্তানায় হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই হামলায় ওই দরবারের কথিত প্রধান পীর আব্দুর রহমান ওরফে শামীম নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার কুষ্টিয়ার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় অবস্থিত ‘শামীম বাবার দরবার শরিফ’ এ এই ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। হামলায় আরো দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।
তার দাবি, তিন বছর আগের একটি ভিডিও’র সূত্র ধরে কোরআন অবমাননার অভিযোগ এনে দুপুরের দিকে স্থানীয় একদল লোক একত্রিত হয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। পরে আহত অবস্থায় তিনজনকে দৌলতপুরের থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নেওয়া হয়।
গত শুক্রবার রাজধানীর শাহবাগে মব সৃষ্টি করে আড্ডারত কয়েকজন নারী–পুরুষকে ‘সমকামী’, ‘ট্রান্সজেন্ডার’ আখ্যা দিয়ে তাঁদের ওপর হামলা হয়। তার এক দিন বাদে মব সৃষ্টি করে হত্যাকাণ্ডই ঘটে কুষ্টিয়ায়।

কুষ্টিয়ার ঘটনার পর বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক শাহীন রাজা তার ফেসবুক পেজে “মব দানব এখনই বধিতে হইবে” একটি পোস্ট দিয়েছেন।
তিনি লিখেছেন সরকারের দেড়মাস সময়ে সব থেকে আলোচিত ঘটনা, একজন পীরকে পিটিয়ে হত্যা। দেশের মানুষ যেমন যার যার নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তেমনি দেশের বাইরে সরকারের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠবে। যারা এই কাজের সাথে জড়িত তারা এটাই চেয়েছে। অথচ সরকার নীরব !
রাজা বলেন কে কি চাইলো সেটা আমার বা আমাদের দেখার বিষয় নয়। এর বোঝাপড়া সরকারের। আমরা নিরাপত্তা চাই। কখন কি অজুহাতে মব দানব আমার উপর ঝাঁপিয়ে পড়বে না, এর কি কোন নিশ্চয়তা আছে। আমি আমার নিরাপত্তা চাই। সরকার যদি দিতে না পারে তাহলে তো আমাকেই বা আমাদের সেই ব্যবস্থা করতে হবে। তাহলে সরকার বা সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয়তা কেন ?
এ-তো বড় ঘটনা ঘটলো অথচ আইনশৃঙ্খলা বাহিনী দৃশ্যমান নয়। এই ভাঙচুর এবং পীরকে পিটিয়ে হত্যা পাঁচ, দশমিনিটের কাজ নয়। কমপক্ষে দেড় থেকে দুই ঘন্টা। এরমধ্যে কি পুলিশ আসার সময় পায়নি। বা পুলিশ আসার ক্ষেত্রে কে বাঁধা দিয়েছে। সে যত বড় শক্তিই হোক তাঁকে আমরা দেখতে চাই।
রাজা তার পোস্টের শেষে লিখেন এই নৈরাজ্য কে প্রশ্রয় দিলে আগামীতে আর আইনশৃঙ্খলা থাকবে না। বাংলাদেশের সকল প্রান্তে ক্ষুদ্র, ক্ষুদ্র সামন্ত প্রভুর সৃষ্টি হবে। কেউ ধর্মের নামে। কেউ আদর্শের কথা বলে। এরা শক্তি প্রয়োগের মধ্য দিয়ে যার যার এলাকায় আধিপত্য কায়েম করতে চাইবে। আমি আমরা এর বাইরের নই ! আমাদের নিরাপত্তা বিঘ্নিত হইলে আমরা কি চেয়ে চেয়ে দেখবো ? তা হয় না বা হবে না। এর ফলে দেশ হয়ে যাবে গোষ্ঠী বিভাজিত নৈরাজ্যের রাজ্য !
বাংলাদেশে নবনির্বাচিত বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ তার মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েই ঘোষণা দিয়েছিলেন যে, ‘মব কালচারের দিন শেষ, দাবি আদায়ের নামে মব কালচার করা যাবে না ‘। কিন্তু সরকারের দুই মাস পূর্ণ হওয়ার পর এই ঘোষণার তেমন কোন প্রতিফলন দেশের মানুষ দেখছেন না।
প্রতিদিনই দেশের কোথাও না কোথাও এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। মব এর ব্যাপারে বিএনপি সরকারের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন বিরোধী রাজনীতিকদের অনেকে।
অপরাধ বিশ্লেষকেরা বলছেন, মবের এসব ঘটনায় এটাই প্রতিফলিত হয়েছে যে, আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার প্রধানের চিন্তা-ভাবনা তার দলীয় নেতা-কর্মীরা ধারণ করতে পারছেন কি না, সেই প্রশ্ন থাকে।
বিশেষজ্ঞরা বলছেন, আগে ঘটে যাওয়া এমন সব ঘটনায় বিচার না হওয়ায় তা আবার ঘটছে। এখনি কঠোর ব্যবস্থা না নিলে এ ধরনের সহিংসতা বাড়তে থাকবে।
বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে গভর্নর পদে আহসান এইচ মনসুরকে যখন সরানোর প্রক্রিয়া চলছিল, সে সময় তার উপদেষ্টাসহ তিন কর্মকর্তাকে ‘মব’ বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টি করে বের করে দেওয়ার অভিযোগ করা হয়েছে।
সম্প্রতি ঢাকার বাইরে বরিশালে আদালতের এজলাসে এবং সুপ্রিমকোর্টে আইনজীবীদের কক্ষে হামলা ও ভাঙচুরের ঘটনায়ও বিএনপি সমর্থিতদের বিরুদ্ধে ‘মব’ বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে।
আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের জামিন দেওয়ার কারণে বরিশালে বিচার চলাকালীন আদালতের এজলাসে ঢুকে হট্টগোল করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি বিএনপিপন্থী আইনজীবী সাদিকুর রহমান লিংকনসহ কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে।
পরে লিংকনকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়। সেই গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা।
এই ঘটনায় আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো তিন থেকে আটজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার।
বরিশাল আদালতের পর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনেও। পরদিন দুপুর আড়াইটার দিকে সুপ্রিমকোর্টে আওয়ামীপন্থী কয়েকজন আইনজীবীর কক্ষে হামলা-ভাঙচুর চালানো হয়।
কারণ আওয়ামীপন্থী আইনজীবীরা বরিশালে আদালতের এজলাসে হামলার প্রতিবাদে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে মানববন্ধন করেছিলেন। এই হামলার ঘটনায়ও বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
যে আইনজীবীদের কক্ষে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে, তাদের মধ্যে আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস দাবি করেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ২০-২৫ জন এই হামলা-ভাঙচুরের ঘটনা ঘটায়।
অন্তর্বর্তী সরকারের আমলে প্রায় পুরোটা সময় জুড়েই আলোচনায় ছিল ‘মব ভায়োলেন্স’ বা ‘দলবদ্ধ বিশৃঙ্খলা’ সৃষ্টির নানা ঘটনা। এর বিরুদ্ধে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও নানা আলোচনা-সমালোচনা হয়েছে।

মব তৈরি করে কখনও নিরপরাধ ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর হামলা, চাঁদাবাজি যেমন হয়েছে, তেমনি মারপিট করা হয়েছে ভিন্ন মতের রাজনৈতিক দলের নেতা কর্মীদের।
এমনকি দলবদ্ধভাবে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) ২০২৫ সালের প্রতিবেদনে বলা হয়, ওই বছর গণপিটুনি বা ‘মব সন্ত্রাসের’ শিকার হয়ে প্রাণ গেছে ১৯৭ জনের। আগের বছর সংখ্যাটি ছিল ১২৮।
এমন পরিস্থিতিতে গত বছরের ৩১ জুলাই তৎকালীন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, হয়রানিমূলক মিথ্যা মামলা ও মব সন্ত্রাস অন্তর্বর্তী সরকারের আমলে সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা।
মানবাধিকার কর্মী ও অপরাধ বিশ্লেষকেরা বলছেন, একেক সরকারের সময় ‘মব ভায়োলেন্স’ এর মত অপরাধ একেক ধরনের রূপ ধারণ করে। অন্তর্বর্তী সরকারের আমলে রাজনৈতিক শূন্যতা ও বিচারহীনতার কারণেই মব সৃষ্টি করে হামলার ঘটনা বেড়েছিল বলে মনে করেন বিশ্লেষকরা।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বা এমএফএস এর প্রধান নির্বাহী আইনজীবী সাইদুর রহমান বলছেন, বাংলাদেশ ব্যাংক, বরিশাল আদালত, সুপ্রিম কোর্টে আইনজীবীদের কক্ষে ভাঙচুর সব ঘটনাই মবের আরেক রূপ।
লেখক ও শিক্ষক আনু মুহাম্মদ বলেন, আগের ঘটনাগুলোর বিচার হয়নি বলে আবার একই ঘটনা ঘটেছে। আগে যেসব মব সৃষ্টি করে হামলা হয়েছে, সরকারের উচিত সেসব ঘটনা তদন্ত করে শ্বেতপত্র প্রকাশ করা এবং ব্যবস্থা নেওয়া। বিচার না করলে বুঝতে হবে এসব ঘটনায় সরকারের সমর্থন রয়েছে।
অন্তর্বর্তী সরকারের সময়ে এই প্রবণতা বেড়ে যাওয়া নিয়ে আনু মুহাম্মদ বলেন, অনেক ঘটনায় তারা নিষ্ক্রিয় ছিল, নমনীয় ছিল, অনেক ঘটনায় তাদের পৃষ্ঠপোষকতা ছিল। কোনো ক্ষেত্রে বৈধতা দেওয়ার চেষ্টা ছিল। ফলে মব সহিংসতা আরও ডালপালা ছড়িয়েছে।
শাহবাগ ও কুষ্টিয়ার সাম্প্রতিক ঘটনাকে পরিকল্পিত মনে করেন তিনি। এটা ঠেকাতে না পারার জন্য সরকারকেও তিনি দায়ী করেন।
অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, রাজনৈতিক শক্তি ব্যবহার করে কাউকে পদত্যাগে বাধ্য করা, অসম্মান করা বা শক্তি প্রদর্শনের মতো ঘটনাকে বিক্ষোভ, সংক্ষুব্ধ জনতার উচ্ছৃঙ্খল আচরণ যেভাবেই আখ্যায়িত করা হোক তা মবের সংজ্ঞার মধ্যেই পড়ে।
ফলে রাজনৈতিক দলের এই সরকারকে ‘মব’ এর মতো অপরাধ সতর্কতার সাথে আইনগতভাবেই নিয়ন্ত্রণ করতে হবে বলে মনে করেন তিনি।
বরিশাল আদালতের ঘটনায় যেভাবে আইনী পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা ওই অঙ্গনের জন্য একটি বার্তা, তাই অন্যান্য ক্ষেত্রেও এমন কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন হক।
তিনি বলেন,”মব এর ক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা এবং প্রচলিত ফৌজদারি আইনানুযায়ী দ্রুত গতিতে ব্যবস্থা গ্রহণ করলে তা নিয়ন্ত্রণ করা সম্ভব।”
বিচার না হওয়ায়ই নতুন ঘটনা ঘটার পথ তৈরি করে দিচ্ছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, সহকারী অধ্যাপক রেজাউল করিম সোহাগও। তিনি বলেন, মব সহিংসতা যারাই করুক, বিচার হতে হবে।
লেখক: সাজ্জাদ হোসেন সবুজ, সিনিয়র সাংবাদিক এবং ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার।

