নেভাদায় লিথিয়াম খনিতে যুক্তরাষ্ট্র সরকারের বিনিয়োগ

থ্যাকার পাস খনিতে ৫ শতাংশ মালিকানা নিচ্ছে মার্কিন সরকার, বছরে এক মিলিয়ন বৈদ্যুতিক গাড়ির জন্য লিথিয়াম সরবরাহ সম্ভব হবে।

যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক গাড়ি শিল্পকে এগিয়ে নিতে এবং চীনের ওপর নির্ভরশীলতা কমাতে এবার সরাসরি খনিজ খাতে প্রবেশ করছে মার্কিন সরকার। দেশটির জ্বালানি দফতর (Department of Energy) কানাডাভিত্তিক কোম্পানি লিথিয়াম আমেরিকাস (Lithium Americas)-এর শেয়ার কিনে নিচ্ছে।

নেভাদায় বিশ্বের অন্যতম বৃহৎ লিথিয়াম খনি

লিথিয়াম আমেরিকাস যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের উত্তরে “থ্যাকার পাস” (Thacker Pass) নামের একটি বিশাল লিথিয়াম খনি উন্নয়ন করছে। এখানে মার্কিন সরকার ৫ শতাংশ মালিকানা নিচ্ছে। একই সঙ্গে কোম্পানিটির সঙ্গে যৌথভাবে কাজ করা জেনারেল মোটরস (GM) প্রকল্পেও সমপরিমাণ অংশীদার হচ্ছে সরকার।

থ্যাকার পাস খনি থেকে প্রাথমিকভাবে বছরে ৪০ হাজার টন ব্যাটারি-মানের লিথিয়াম কার্বনেট উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এই উৎপাদন দিয়ে প্রায় ৮ লাখ বৈদ্যুতিক গাড়ি চালানো সম্ভব হবে। পুরো খনি চালু হলে এক বছরে এক মিলিয়ন গাড়ির জন্য প্রয়োজনীয় লিথিয়াম এখান থেকেই সরবরাহ করা যাবে বলে ধারণা করা হচ্ছে।

চীনের বিকল্প সরবরাহ

বর্তমানে বিশ্বে লিথিয়াম প্রক্রিয়াজাতকরণে চীন শীর্ষ অবস্থানে আছে। অথচ যুক্তরাষ্ট্রে বড় মজুত থাকা সত্ত্বেও দেশটি বৈশ্বিক উৎপাদনের ১ শতাংশেরও কম অবদান রাখে। এ কারণে উভয় দল—ডেমোক্র্যাট ও রিপাবলিকান—প্রকল্পটির প্রতি সমর্থন জানিয়েছে।

মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট বলেন, “আমরা যখন গুরুত্বপূর্ণ খনিজে বিদেশি প্রতিদ্বন্দ্বীদের ওপর নির্ভরশীলতা কমাই, তখন তা আমাদের করদাতাদের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে এবং দেশীয় সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করে।”

বিনিয়োগ ও ঋণ সহায়তা

প্রকল্পটি এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র প্রায় ২.৩ বিলিয়ন ডলারের ফেডারেল ঋণ অনুমোদন করেছে। এর মধ্যে প্রথম ধাপে ৪৩৫ মিলিয়ন ডলার ছাড় দেওয়ার প্রস্তুতি চলছে। ঋণের প্রথম পাঁচ বছরের জন্য ১৮২ মিলিয়ন ডলারের সুদ স্থগিত করার বিষয়েও সমঝোতা হয়েছে।

অন্যদিকে, জেনারেল মোটরস ইতিমধ্যে ৯০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যাতে করে ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ির উৎপাদনে প্রয়োজনীয় ব্যাটারি উপকরণের অভাব না হয়।

সরকারের সক্রিয় হস্তক্ষেপ

এটি যুক্তরাষ্ট্র সরকারের শিল্পখাতে সরাসরি অংশ নেওয়ার সাম্প্রতিক উদাহরণ। সম্প্রতি সরকার ইন্টেল কোম্পানিতে ১০ শতাংশ মালিকানা নিয়েছে, রেয়ার আর্থ খনি প্রতিষ্ঠান এমপি ম্যাটেরিয়ালসে ৪০০ মিলিয়ন ডলারের শেয়ার কিনেছে, এমনকি এনভিডিয়া ও এএমডির সঙ্গে চুক্তি করেছে—যেখানে চীনে নির্দিষ্ট চিপ বিক্রি থেকে সরকারের ১৫ শতাংশ আয় আসবে।

বাজারে ইতিবাচক সাড়া

সংবাদ প্রকাশের পর বুধবার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে লিথিয়াম আমেরিকাসের শেয়ারের দাম ৩০ শতাংশের বেশি বেড়ে যায়। বাজার বিশ্লেষকরা একে যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় সুযোগ’ বলে মন্তব্য করেছেন।

ওয়েডবুশের বিশ্লেষক ড্যান আইভস বলেন, “থ্যাকার পাস প্রকল্পটি যুক্তরাষ্ট্রকে চীনের ওপর নির্ভরশীলতা থেকে মুক্ত করার বিশাল সুযোগ। আগামী বছরগুলোতে দেশীয় লিথিয়াম উৎপাদন বহুগুণে বাড়বে এবং এটি ভূরাজনৈতিকভাবে বড় সুবিধা এনে দেবে।”

spot_img