ক্যান্টনমেন্ট থানার সদ্য প্রত্যাহার করা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের নির্দেশে ওই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একজন ঊর্ধ্বতন ডিএমপি কর্মকর্তার নেতৃত্বাধীন কমিটিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) একজন কর্মকর্তাকেও রাখা হয়েছে।
বিষয়টি নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলা ট্রিবিউনকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, রাকিবুল হাসানকে হেফাজতে নেওয়া হয়নি এবং তাকে সাময়িক বরখাস্তও করা হয়নি। অডিওটি ভাইরাল হওয়ার বিষয়টি অনুসন্ধানের অংশ হিসেবে তাকে ডিবি কার্যালয়ে ডাকা হতে পারে বলে জানান তিনি।
এর আগে বুধবার রাতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা রাকিবুল হাসানের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই অডিওতে সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায় তাকে।
ভাইরাল অডিওতে রাকিবুল হাসানকে বলতে শোনা যায়, রাস্তায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা খুবই দুর্বল অবস্থায় রয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে এলে পুলিশ সদস্যরা কিছুই করতে পারবেন না বলেও তাকে মন্তব্য করতে শোনা যায়।
এ ছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিএনপির দিকে ঝুঁকে পড়া এবং মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সেই প্রবণতার বাইরে থাকার বিষয়েও অডিওতে মন্তব্য রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পুলিশের পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও তাকে কথা বলতে শোনা যায়।
অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক আদেশে রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে প্রত্যাহার করা হয়।
এখন তদন্ত কমিটি ভাইরাল অডিওটির বিষয়বস্তু ও সংশ্লিষ্ট ঘটনাপ্রবাহ পর্যালোচনা করছে। তদন্তের পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য