আওয়ামী লীগ নিষিদ্ধের পথে সরকার, গণতন্ত্র নিয়ে বাড়ছে উদ্বেগ

নিষেধাজ্ঞা আইনে রূপ দেওয়ার চিন্তা, বিরোধী রাজনীতি ও বহুদলীয় ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে বাড়ছে প্রশ্ন

বাংলাদেশের রাজনীতিতে নতুন করে অনিশ্চয়তার ছায়া নেমে এসেছে। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে স্থায়ীভাবে আইনে পরিণত করার উদ্যোগ নিচ্ছে—এমন আলোচনা সামনে আসতেই দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। রাজনৈতিক মহল, আইনজীবী ও বিশ্লেষকরা এই পদক্ষেপকে দেশের জন্য মারাত্মক হবে বলে মনে করছেন।

আওয়ামী লীগ নেতারা বিষয়টিকে সরাসরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই দেখছেন। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম ভয়েসকে বলেন, “আমাদের জনপ্রিয়তা এখনো আছে বলেই আমাদের ভয় পায়। তাই আমাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল।” তিনি আরও যোগ করেন, “আমাদের রাজনীতি করতে না দিলে সেটার কারণ একটাই—তারা জানে, আমরা আবার ক্ষমতায় আসতে পারি।”

শুধু রাজনৈতিক পর্যায়েই নয়, সমাজের বিভিন্ন স্তর থেকেও এই উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। মানবাধিকার আইনজীবী পারভেজ হাশেম ভয়েসকে বলেন, “এটা গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। বিরোধী শক্তিকে সরিয়ে দিয়ে একটি একপাক্ষিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে।”

সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার তানিয়া আমীরও একই ধরনের আশঙ্কা ব্যক্ত করেছেন। তিনি বলেন, “আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকলে সেটা বাংলাদেশের জন্য ভয়াবহ হবে।” তার মতে, “এটা কোনো ছোট দল নয়—এটা দেশের সবচেয়ে বড় গণভিত্তিক রাজনৈতিক দল। একে নিষিদ্ধ করা মানে গণতন্ত্রের ভিতকেই নাড়িয়ে দেওয়া।”

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশ্লেষক রোকেয়া প্রাচ্য এই পরিস্থিতিকে আরও বড় রাজনৈতিক সংকট হিসেবে দেখছেন। তিনি বলেন, “এটা আসলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলোকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা।” একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “ভারতে কংগ্রেস বা যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট ছাড়া যেমন গণতন্ত্র কল্পনা করা যায় না, তেমনি বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কীভাবে গণতন্ত্র চলবে?”
তার অভিযোগ, গত দেড় বছরে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর ব্যাপক দমন-পীড়ন হয়েছে। তার ভাষায়, “এই পরিস্থিতি পাকিস্তান আমলের দমন-পীড়নের কথাও মনে করিয়ে দেয়।”

ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও প্রভাবশালী রাজনৈতিক দল। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া এই দলটি স্বাধীনতার পর বহু বছর রাষ্ট্র পরিচালনা করেছে। কিন্তু ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার পর গঠিত অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে আইন সংশোধন করে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দলটিকে নিষিদ্ধ করে। এর ফলে তারা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেনি এবং সাংগঠনিক কার্যক্রমও মারাত্মকভাবে সীমিত হয়ে পড়ে। সমালোচকদের মতে, এর ফলে সাম্প্রতিক নির্বাচন কার্যত একতরফা হয়ে যায়।

বর্তমান বিএনপি সরকার অন্তর্বর্তী সরকারের অনেক সিদ্ধান্ত পরিবর্তন করলেও আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞার ক্ষেত্রে তারা এখনো কঠোর অবস্থান বজায় রেখেছে। সরকারের অভ্যন্তরীণ সূত্র বলছে, শুধু নিষেধাজ্ঞা বজায় রাখা নয়—এটিকে আইনে রূপ দিয়ে আরও শক্তিশালী করার চিন্তাও চলছে, এমনকি প্রয়োজনে শাস্তিমূলক ধারা যুক্ত করা হতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অবস্থানের পেছনে জোটগত ও কৌশলগত হিসাব-নিকাশ রয়েছে। বিএনপির ভেতরের একটি অংশ, বিশেষ করে জামায়াতে ইসলামীর ঘনিষ্ঠ নেতারা, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিরোধিতা করছে। পাশাপাশি ২০২৪ সালের আন্দোলন থেকে উঠে আসা ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) নেতারাও আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিপক্ষে কঠোর অবস্থান নিয়েছেন।

গত মার্চে সংসদে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন, “আমরা আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার যেকোনো চেষ্টা প্রতিরোধ করব।” এই বক্তব্য বর্তমান রাজনৈতিক বাস্তবতার একটি স্পষ্ট ইঙ্গিত বহন করে।

অন্তর্বর্তী সরকার সে সময় দাবি করেছিল, সহিংসতার অভিযোগ তদন্ত, বিচার প্রক্রিয়া নিশ্চিত করা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থেই আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলো শুরু থেকেই এই যুক্তি নিয়ে প্রশ্ন তুলে আসছে।

২০২৪ সালের আগস্টের পর থেকে দেশের মানবাধিকার পরিস্থিতিও ব্যাপক আলোচনায় আসে। বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, ওই সময় সহিংসতায় শতাধিক মানুষ নিহত হন। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনাও বেড়েছে বলে অভিযোগ রয়েছে।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। ২০২৪ সালের আন্দোলনকে ঘিরে দায়ের করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সব মিলিয়ে, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা এখন শুধু একটি প্রশাসনিক বা আইনি সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচনব্যবস্থা এবং রাজনৈতিক সহাবস্থানের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। নিষেধাজ্ঞা বহাল থাকবে, নাকি বহুদলীয় রাজনীতির পথ আবার খুলবে—এই সিদ্ধান্তই ঠিক করে দেবে দেশের রাজনীতির পরবর্তী গতিপথ।

spot_img
spot_img

Hot Topics

Related Articles