মালয়েশিয়ায় গ্রেপ্তার হয়েছেন কমপক্ষে ৩৭৭ জন বাংলাদেশি অভিবাসী। দেশটির রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১০:৩০ পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
‘অপস বেলাঞ্জা’ নামের বিশেষ অভিযান পরিচালনা করে ইমিগ্রেশন বিভাগ।
জনসাধারণের অভিযোগের ভিত্তিতে শুরু হওয়া এই অভিযানে মোট ৭৭০ জন নথিহীন অভিবাসীকে আটক করা হয়, যাদের মধ্যে ৩৭৭ জনই বাংলাদেশি পুরুষ বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
অভিযানের নেতৃত্ব দেন ইমিগ্রেশন বিভাগের আইন প্রয়োগ শাখার পরিচালক বসরি ওসমান। তিনি জানান, প্রাথমিকভাবে ১০৬ জন কর্মকর্তা ২৪৪৫ জনের পরিচয় যাচাই করে—যার মধ্যে ১৬০০ জন বিদেশি ও ৮৪৫ জন স্থানীয়। সেই অনুসারে ৭৭০ জনকে আটক করা হয়।
ধৃতদের মধ্যে ২৩৫ জন মিয়ানমারের, ৭২ জন নেপালের, ৫৮ জন ভারতের, ১৭ জন ইন্দোনেশিয়ার (পুরুষ ১৫, নারী ২) এবং আরও ৯ জন অন্য দেশের নাগরিক রয়েছেন। তাদের বয়স ২১ থেকে ৬৫ বছরের মধ্যে, এবং সবাই পুরুষ ছাড়া মাত্র কয়েকজন নারী।
অভিযানকালে একটি অনলাইন জুয়ার আস্তানাও সনাক্ত করা হয়, যেখানে সিসি ক্যামেরা বসানো হয়েছিল। ভেতরে ঢুকেই সাতজনকে জুয়া খেলতে দেখেন কর্মকর্তা—তাদের সবাইকে আটক করা হয়।
আটকৃতদের প্রথমে পুত্রজায়ায় ইমিগ্রেশন বিভাগে প্রাথমিক টেস্টের জন্য নেয়া হয়, তারপর আরও তদন্তের জন্য বুকিত জালিল এবং লঙ্গলং ডিটেনশন ডিপোতে পাঠানো হয়।
বসরি ওসমান সতর্ক করে বলেন, “অনেকেই অবৈধ অভিবাসীদের সহায়তা করেন; তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ হবে।” তিনি জনগণকে অনুরোধ করেন, “যে কেউ অবৈধ অভিবাসীদের বিষয়ে তথ্য জানতে-পায়, সেই তথ্য কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিন।”

