চক্রান্তের বিপরীতে জেগে উঠছে জনগণ; ভরসা শেখ হাসিনা

ডেভিড বাঙালি

বাংলাদেশ আজ এক ভয়াবহ রাজনৈতিক চক্রান্তের কবলে। তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের ছদ্মবেশে ড. মুহাম্মদ ইউনুস এক বিদেশি পরিকল্পনার রূপকার হয়ে উঠেছেন, যার একমাত্র উদ্দেশ্য জনগণের ভোটাধিকার হরণ করে, দেশের ওপর বিদেশি আধিপত্য কায়েম করা। তাঁর এই খেলায় সক্রিয়ভাবে অংশ নিয়েছে বিএনপি। অতীতের সব আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতার আশায় ড. ইউনুসের প্রতিটি উদ্যোগে তারা নীরব সম্মতি দিয়েছে।

বিএনপি জানে ভবিষ্যতের রাজনীতিতে টিকে থাকতে হলে ইউনুস-নির্ভর হওয়া ছাড়া গতি নেই। করিডোর, বন্দর, বিশেষ জোন যাই হোক না কেন, তারা এখন প্রশ্ন তোলে না। কারণ তারা ক্ষমতার স্বাদ পেতে মরিয়া। এমনকি জামায়াত-এনসিপির মতো চরম প্রতিক্রিয়াশীল শক্তিরাও এই চক্রান্তে জায়গা করে নিচ্ছে। জাতির ভবিষ্যৎ নিয়ে কারো মাথাব্যথা নেই।

কিন্তু সুখের বিষয় হলো, এই প্রহসনের বিপরীতে জনগণের মধ্যে এক নতুন জাগরণ তৈরি হচ্ছে। মানুষ বুঝতে পারছে এই দেশ কারা গড়েছে, কারা রক্ষা করেছে, আর কারা আজ তা বিক্রি করে দিতে চাইছে। ফলে আবারও জনতার হৃদয়ে ফিরে আসছে শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি আস্থা। কারণ এই দলই একমাত্র মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন থেকেছে।

যে দলটি দেশের প্রতিটি সংকটে জনগণের পাশে থেকেছে, পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করেছে, দেশকে ডিজিটাল যুগে পৌঁছে দিয়েছে আজ সেই শেখ হাসিনাই হয়ে উঠেছেন এ জাতির একমাত্র ভরসা। মানুষ বিশ্বাস করতে শুরু করেছে এই লোভী চক্রের চক্রান্ত মোকাবিলায় শেখ হাসিনার নেতৃত্বই একমাত্র বিকল্প।

দেশ বিক্রির এই ষড়যন্ত্র রুখে দিতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রতিটি মানুষকে আজ জেগে উঠতে হবে। ইতিহাস সাক্ষ্য দেবে যারা দেশবিরোধী, তারা ধ্বংস হয়েছে; আর যারা দেশের পক্ষে, তারা বারবার ফিরে এসেছে জনগণের ভালোবাসায়।

spot_img
spot_imgspot_img